অবশেষে বাইডেন ও কমলা হ্যারিসকে অভিনন্দন জানাল চীন

আপডেট : ১৩ নভেম্বর ২০২০, ০৫:৫৬ পিএম

অবশেষে নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ও ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসকে অভিনন্দন জানিয়েছে চীন।

বার্তা সংস্থা এএফপির খবরে বলা হয়, স্থানীয় সময় শুক্রবার নিয়মিত প্রেস ব্রিফিংয়ে অভিনন্দন জানান চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ওয়াং ওয়েনবিন।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনের ফলাফল ঘোষণার প্রায় এক সপ্তাহ পর চীনের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে এই অভিনন্দন জানানো হলো।

খবরে বলা হয়, ট্রাম্প প্রশাসনের অধীনে গত কয়েক বছরে যুক্তরাষ্ট্র-চীন সম্পর্কে বেশ অবনতি ঘটে। দুই দেশের সম্পর্ক এত অবনতি এর আগে কখনো হয়নি।

প্রেস ব্রিফিংয়ে ওয়াং ওয়েনবিন বাইডেনকে অভিনন্দন জানিয়ে বলেন, আমরা আমেরিকানদের পছন্দকে সম্মান করি। মি. বাইডেন ও কমলা হ্যারিসকে আমাদের পক্ষ থেকে অভিনন্দন।

ওয়াং ওয়েনবিন বলেন, চীন বোঝে যে যুক্তরাষ্ট্রের আইন ও পদ্ধতি অনুযায়ীই দেশটির নির্বাচনের ফলাফল নির্ধারিত হবে।

এএফপি জানায়, ট্রাম্প প্রশাসনের চার বছরে চীন-আমেরিকা বাণিজ্যযুদ্ধ চরম আকার ধারণ করেছিল। এমনকি কোভিড-১৯ মহামারির জন্যও বেইজিং-ওয়াশিংটন পরস্পরকে দায়ী করে আসছিল।

এত দিন পর্যন্ত বাইডেনকে অভিনন্দন না জানানো গুরুত্বপূর্ণ দেশগুলোর মধ্যে চীন, রাশিয়া ও মেক্সিকো ছিল। চীনের অভিনন্দনের পর এখন রাশিয়া ও মেক্সিকোর পক্ষ থেকে কী বার্তা আসে, সেটাই দেখার বিষয়।

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত