১৯৪৮ সালের ১৩ নভেম্বর জন্মগ্রহণ করেন বাংলাদেশের নন্দিত কথা সাহিত্যিক হুমায়ূন আহমেদ। জনপ্রিয় এই লেখকের জন্মদিনে তাকে স্মরণ করলেন অভিনেতা মাহফুজ আহমেদ।
দেশ রূপান্তরকে মাহফুজ আহমেদ বলেন, ‘হুমায়ূন আহমেদ এর সঙ্গে কাজের অভিজ্ঞতা বা মেশার অভিজ্ঞতা ভাষায় প্রকাশ করা সম্ভব নয়। কারণ তিনি লেখক হিসেবে, নির্মাতা হিসেবে বা ব্যক্তি মানুষ হিসেবেও তিনি ছিলেন ম্যাজিক্যাল মানুষ। তো এমন একজন ম্যাজিক্যাল মানুষের সঙ্গে মেশার অভিজ্ঞতা ভাষায় বলা সম্ভব নয়।’
তিনি আরও বলেন, ‘ব্যক্তিগতভাবে মেশার অভিজ্ঞতা হচ্ছে উনি আমার জীবনের আশীর্বাদ স্বরূপ। উনি যেভাবে কাজ করতেন যেভাবে লিখতের বা নির্দেশনা দিতেন সেভাবে আগে কেউ করেনি-এতটুকু বলতে চাই। আমি কাজের শুরুতেই বরাবরই বলতাম স্যার, আপনি একটু আমাকে দেখিয়ে দেন। উনি যেভাবে আমাকে দেখিয়ে দিতেন সেভাবে কাজ করা আমার পক্ষে করা সম্ভব নয়, সেটা করতেও পারিনি। কারণ তিনি প্রত্যেকটা বিষয়, প্রত্যেকটা অভিনয় এত গভীরভাবে দেখিয়ে দিতেন যে সেটা একজন অভিনেতার পক্ষে করা কঠিন।কারণ তিনি যে গভীর দৃষ্টিভঙ্গি দিয়ে বিষয়গুলো দেখতেন, সে গভীর দৃষ্টিভঙ্গিতে বিষয়গুলো দেখা আমাদের মতো অভিনেতাদের জন্য খুবই কঠিন।’
