চুয়াডাঙ্গা ১০ কোটি টাকা ব্যয়ে নির্মিত পানি শোধানাগারের উদ্বোধন করা হয়েছে। শনিবার সকালে পৌর শহরের ছাগলফার্ম এলাকায় নির্মিত এ প্রকল্পের আনুষ্ঠানিক উদ্বোধন করেন চুয়াডাঙ্গা পৌর মেয়র ওবাইদুর রহমান চৌধুরী জিপু।
উদ্বোধনী অনুষ্ঠানে চুয়াডাঙ্গা পৌরমেয়র জানান, এই প্রকল্প সম্পন্ন হওয়ার মধ্য দিয়ে পৌরবাসীর দীর্ঘদিনের সুপেয় পানি ব্যবস্থা নিশ্চিত হলো। এর মধ্য দিয়ে চুয়াডাঙ্গা পৌরসভার ৯টি ওয়ার্ডের প্রায় দেড় কোটি মানুষ সুপেয় পানি পাবে।
পৌর মেয়র চৌধুরী জিপু আরও জানান, এই শোধানাগার থেকে প্রতি ঘন্টায় ৩৫০ ঘনমিটার পানি শোধন করা হবে। যা চুয়াডাঙ্গা পৌরবাসীর সুপেয় পানির চাহিদা ৬০ শতাংশ মেটাতে সক্ষম। প্রকল্পটির ব্যয় হয়েছে ১০ কোটি টাকা।
চুয়াডাঙ্গা পৌরসভার পানি সুপার আব্দুর রশিদ জানান, পৌরসভার ৯টি ওয়ার্ডে বর্তমানে গ্রাহক রয়েছেন ৬ হাজার ৭৭৫ জন। প্রতিদিন পানির চাহিদা রয়েছে ৭৫ লাখ লিটার। এই শোধানাগারের মধ্য দিয়ে পৌরবাসীকে দুই ভাগে বিভক্ত করে এই সুপেয় পানি সরবরাহ করা হবে।
উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন- চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের সাবেক যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট শফিকুল ইসলাম, জেলা সুজনের সাধারণ সম্পাদক মাহাবুল ইসলাম সেলিম, জেলা দোকান মালিক সমিতির সহ-সভাপতি জগলুর রহমান, পৌর সচিব কাজী শরিফুল ইসলাম, পানি সুপার আব্দুর রশিদ, প্যানেল মেয়র মুন্সি রেজাউল করিম খোকন জেলা স্বেচ্ছাসেবকলীগের যুগ্ম-আহ্বায়ক মতিয়ার রহমান ও জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো. জানিফ প্রমুখ।
