কলমাকান্দায় বিদ্যুতের তারে জড়িয়ে কৃষক নিহত

আপডেট : ১৬ নভেম্বর ২০২০, ০২:০৯ এএম

বাড়ির পাশের নিজেদের পুকুরে মাছের জন্য অক্সিজেন পাউডার ছিটাতে গিয়ে বিদ্যুতের তারে জড়িয়ে এক কৃষক নিহত হয়েছেন।

রবিবার রাত সাড়ে ৭টার দিকে নেত্রকোনার কলমাকান্দা উপজেলায় নাজিরপুর ইউনিয়নের উলুকান্দা পুর্বপাড়া গ্রামের বিদ্যুৎস্পৃষ্টের এই ঘটনা ঘটে।

নিহত মো. ওয়াহাব মিয়া (৩০) ওই গ্রামের মো. হযরত আলীর ছেলে এবং পেশায় একজন কৃষক। 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ওয়াহাব মিয়া রাত সাড়ে ৭টার দিকে বাড়ির পাশে নিজেদের পুকুরে মাছের অক্সিজেন ঘাটতি মেটাতে অক্সিজেন পাউডার ছিটাতে যায়। এ সময় বাড়ির লোকজন পড়ে যাওয়ার শব্দ শুনতে পায়। সেখানে পরিবারের লোকজন গিয়ে দেখে ওয়াহাবে শরীরের  অর্ধেক অংশ পানিতে পড়ে আছে ও পুকুর পাড়ে স্থাপিত লাইটের সংযোগের তার ধরে রয়েছে। পরে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে তাকে উদ্ধার হয় এবং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক ওয়াহাবকে মৃত ঘোষণা করেন।

এ ব্যাপারে কলমাকান্দা থানা উপ-পরিদর্শক (এসআই) মো. শফিউল আলম বিদ্যুৎস্পৃষ্টে নিহতের সত্যতা নিশ্চিত করে দেশ রূপান্তরকে বলেন, হাসপাতালে নেওয়ার পূর্বে ওয়াবের মৃত্যু হয়েছে।

পরিবারের পক্ষ থেকে অভিযোগ না থাকায় মৃতদেহ পরিবারের হেফাজতে আছে এবং অপমৃত্যু মামলা দায়ের প্রক্রিয়াধীন রয়েছে বলে তিনি জানান।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত