রাতে বাবা-মায়ের পাশ থেকে ঘুমন্ত নবজাতককে চুরি

আপডেট : ১৬ নভেম্বর ২০২০, ১২:০৬ পিএম

বাগেরহাটের মোরেলগঞ্জে বাবা মায়ের কাছে ঘুমিয়ে থাকা সোহানা আক্তার নামে সতের দিনের এক নবজাতক চুরি যাওয়ার অভিযোগ পাওয়া গেছে।

রবিবার দিবাগত রাতে উপজেলার সদর ইউনিয়নের গাবতলা গ্রামের জেলে সুজন খানের বাড়ি থেকে এই শিশু চুরির ঘটনা ঘটে।

সোমবার সকালে পুলিশ চুরি যাওয়া শিশু সোহানাকে উদ্ধারে কাজ শুরু করেছে। তবে শিশুটির সন্ধান এখনো পায়নি।

পরিবারের বরাত দিয়ে মোরেলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুল ইসলাম সকালে এই প্রতিবেদককে বলেন, সুজন খান সাগরে মাছ শিকার করে জীবিকা নির্বাহ করেন। সুজন তার স্ত্রী, বাবা, মা ও এক বোনকে নিয়ে একটি টিনশেডের ঘরে বাস করেন।

সতেরো দিন আগে সুজন শান্তা দম্পতির সোহানা নামে একটি মেয়ে সন্তান হয়। প্রতিদিনের মতো রবিবার রাতে সুজন ও শান্তা বেগম শিশু সোহানাকে পাশে নিয়ে ঘুমিয়ে পড়েন। কান্নাকাটি করলে রাতে তাকে বেশ কয়েকবার বুকের দুধ খাওয়ান মা। রাত আনুমানিক দেড়টা থেকে দুইটার দিকে শান্তার ঘুম ভেঙে দেখেন পাশে তার সন্তান নেই। খোঁজাখুঁজির পর  না পেয়ে পুলিশকে জানালে পুলিশ সুজনের বাড়িতে যায়।

তার ঘরের দরজা ভাঙার কোনো চিহ্ন নেই। রাতে ঘুমাতে যাওয়ার আগে তারা ঘরের দরজা আটকেছিলেন কিনা তা নিশ্চিত করে বলতে পারছেন না।

চুরি যাওয়া শিশুকে উদ্ধারে পুলিশ কাজ শুরু করছে। কারা কি উদ্দেশ্যে কিভাবে শিশুটিকে চুরি করল তা তদন্ত করে দেখা হচ্ছে বলে জানান এই পুলিশ কর্মকর্তা।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত