বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) প্রধান তেদ্রোস আধানম গেব্রিয়েসুস বলেছেন, টিকার কার্যকারিতার খবর উৎসাহব্যঞ্জক। তবে আত্মতুষ্টিতে ভোগার কোনো সুযোগ নেই।
সোমবার এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে বিশ্বব্যাপী করোনা ভাইরাসের সংক্রমণ বেড়ে যাওয়ায় উদ্বেগ প্রকাশ করেন তিনি।
ডব্লিউএইচও প্রধান বলেন, ‘কভিড-১৯ এর ভ্যাকসিন নিয়ে আমরা অব্যাহতভাবে উৎসাহব্যঞ্জক খবর পাচ্ছি এবং আগামী মাসগুলোতে সম্ভাব্য ভ্যাকসিন নিয়ে সতর্কভাবে আশাবাদী থাকবো।’
মডার্না সোমবার তাদের তৈরি ভ্যাকসিনের ৯৫ শতাংশ কার্যকারিতার ঘোষণা দেওয়ার প্রেক্ষিতে তিনি এ কথা বলেন।
এর আগে গত সপ্তাহে বায়োটেক ও ফাইজার তাদের ভ্যাকসিনের ৯০ শতাংশ কার্যকারিতার ঘোষণা দিয়েছিল।
ডব্লিউএইচও প্রধান হুঁশিয়ারি দিয়ে বলেছেন, যে কোনো ভ্যাকসিনের ব্যাপক প্রাপ্যতা অনেক দূরের বিষয়। যদিও বিশ্বজুড়ে কভিড -১৯ এর সংক্রমণ ও মৃত্যু দুটোই বাড়ছে।
তিনি আরও বলেন, কেবলমাত্র ভ্যাকসিন এককভাবে মহামারি দূর করতে পারবে না। এছাড়া বিভিন্ন দেশে সংক্রমণ বেড়ে যাওয়া নিয়ে ডব্লিউএইচও উদ্বিগ্ন বলেও আধানম জানান।
তিনি বলেন, ভাইরাস নিয়ন্ত্রণে নিষ্ক্রিয়তার কোনো সুযোগ নেই। এটি জীবন বা জীবিকার মধ্যে কোনো একটিকে বেছে নেওয়া নয়। দ্রুততম উপায়ে সবকিছু খুলে দেওয়া মানে ভাইরাসের কাছে পরাজিত হওয়া।
