ঢাকা-বরিশাল নদীপথের বিলাসবহুল সুন্দরবন-১১ লঞ্চের ছাদ থেকে গার্মেন্ট শ্রমিক এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। তার নাম শামীম হাওলাদার (২৪)। গতকাল মঙ্গলবার ক্ষতবিক্ষত লাশটি উদ্ধার করা হয়। গত সোমবার রাতের যে কোনো সময় ওই যুবককে লঞ্চের ছাদে কুপিয়ে হত্যা করা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ।
পুলিশ জানায়, নিহত শামীম ঝালকাঠি জেলার নলছিটি উপজেলার কুশঙ্গল ইউনিয়নের কুপিলা গ্রামের বাসিন্দা খালেক হাওলাদারের ছেলে। সে নারায়ণগঞ্জের ফতুল্লা এলাকার আবির ফ্যাশন নামে একটি গার্মেন্টসের শ্রমিক। ঢাকা থেকে বরিশালে কী কারণে এসেছে তা নিশ্চিত হওয়া যায়নি। তার পরিবারকে খবর দেওয়া হয়েছে এবং তদন্ত চলছে।
বরিশাল নৌ সদর থানার ওসি আব্দুল্লাহ আল মামুন জানান, ওই যুবকের পেটে ও বুকে ছুরিকাঘাত করা হয়েছে। এতে তার পেট থেকে ভুঁড়ি বেরিয়ে গেছে। কে বা কারা হত্যা করেছে তার ক্লু এখনো উদঘাটন হয়নি।
