নেত্রকোনার পূর্বধলা উপজেলায় ট্রাকের ধাক্কায় সিএনজিচালিত অটোরিকশার চালক ও এক যাত্রী নিহত হয়েছেন।
শনিবার সকাল সাড়ে ৬টার দিকে ময়মনসিংহ-বিরিশিরি মহাসড়কে উপজেলার বামনকালী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
ঘটনাস্থলে যাত্রী হারুনের (৩৫) মৃত্যু হয় এবং ময়মনসিংহ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় অটো চালক তারা মিয়া (২৮) মারা যান।
নিহত হারুন গাজীপুরের কাপাসিয়া উপজেলার চরআলী নগর গ্রামের আবুল কাসেমের ছেলে এবং অটোচালক তারা মিয়া ময়মনসিংহের তারাকান্দা থানাধীন লালমা বিশকা গ্রামের আ. রশিদের ছেলে।
পুলিশ জানায়, সকালে অটোরিকশাটি নেত্রকোনার দুর্গাপুর উপজেলা থেকে যাত্রী নিয়ে ময়মনসিংহের দিকে যাচ্ছিল। ময়মনসিংহ-বিরিশিরি আঞ্চলিক মহাসড়কের উপজেলার বামনখালী এলাকায় বিপরীতে দিকে আসা দ্রুতগতির ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ বাধে।
এতে ঘটনাস্থলে অটোযাত্রী হারুন মারা যান। অটোচালক তারা মিয়াকে গুরুতর আহত অবস্থায় প্রথমে পূর্বধলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং পরে তাকে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন কর্তব্যরত চিকিৎসক।
পূর্বধলা থানার পরিদর্শক (তদন্ত) মো. রফিকুল ইসলাম বলেন, ঘটনাস্থলে নিহত ব্যক্তির লাশ উদ্ধার করা হয়েছে। বেলা সাড়ে ১১টার দিকে ময়মনসিংহ হাসপাতালে চিকিৎসাধীন অটো চালকের মৃত্যু হয়েছে বলে জানতে পেরেছি।
অটোরিকশা ও ট্রাক পুলিশ হেফাজতে রয়েছে। তবে ঘটনার পর থেকে ট্রাক চালক পলাতক রয়েছে বলে তিনি জানান।
