মাদক সম্পৃক্ততায় কৌতুকশিল্পী ভারতী সিং গ্রেপ্তার

আপডেট : ২১ নভেম্বর ২০২০, ১১:১৩ পিএম

মাদক সম্পৃক্ততায় কৌতুকশিল্পী ভারতী সিংকে গ্রেপ্তার করল ভারতের নারকোটিক্স ব্যুরো। তার স্বামী চিত্রনাট্যকার হর্ষ লিম্বাচিয়াকে এখনও জিজ্ঞাসাবাদ করা হচ্ছে হবে জানিয়েছে ভারতীয় গণমাধ্যম। শনিবারই  জিজ্ঞাসাবাদের জন্য কৌতুকশিল্পী ভারতী সিং ও তার স্বামী চিত্রনাট্যকার হর্ষ লিম্বাচিয়াকে তুলে নিয়ে যায় NCB। জানা যাচ্ছে, শনিবার সকালে তাদের বাড়িতে তল্লাশি চালিয়ে নিষিদ্ধ মাদক উদ্ধার করেন NCB-র কর্মকর্তারা।

শনিবার সকালে যে ছবিটি প্রকাশ্যে এসেছে, তাতে দেখা যাচ্ছে, আন্ধেরির আবাসন থেকে ভারতী সিংকে একটি লাল মার্সিডিজে এবং হর্ষ লিম্বাচিয়াকে সাদা অ্যাম্বাসেডরে তোলা হয়। যদিও তাদের জিজ্ঞাসাবাদের জন্য ডাকা হয়েছে বলে সাংবাদিকদের জানান ভারতী সিং।

যদিও নারকোটিক্স কন্ট্রোল ব্যুরোর জোনাল ডিরেক্টর সমীর ওয়াংখেরে ANI-কে জানান, ‘মাদকদ্রব্য রাখার বিষয়ে জিজ্ঞাসাবাদের জন্য ভারতী সিং এবং তার স্বামীকে আটক করা হয়েছে।’

এর আগে PTI-সূত্রে খবর মেলে, এক মাদক ব্যবসায়ীকে জিজ্ঞাসাবাদ করার সময় ভারতী সিং ও তার স্বামীর নাম প্রকাশ পায়। এরপর শনিবার সকালে তল্লাশি চালিয়ে তাদের বাড়ির থেকে মাদক উদ্ধার হয়।

অভিনেতা সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর ঘটনার পর উঠে আসে বলিউডের সঙ্গে মাদক যোগের কথা। এই মামলায় উঠে আসে একের পর এক তারকার নাম। সম্প্রতি, মাদককাণ্ডে অভিনেতা অর্জুন রামপাল ও প্রযোজক ফিরোজ নাদিওয়াদওয়ালার বাড়িতে তল্লাশি চালানো হয়েছিল। এই মামলায় সম্প্রতি ২ দিন ধরে জিজ্ঞাসাবাদ করা হয়েছে অর্জুন রামপালের বান্ধবী গ্যাব্রিয়েলা ডেমেট্রিয়াডেসকে। অর্জুন রামপালকেও টানা ৬ ঘণ্টা জিজ্ঞাসাবাদ করা হয়। যদিও অর্জুন রামপালের কথায়, মাদকমামলার সঙ্গে তার কোনও যোগ নেই, তিনি শুধুমাত্র তদন্তে সহযোগিতা করছেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত