লিওনেল মেসি গেল মৌসুমে বার্সেলোনা ছাড়তে চাওয়ার পর গন্তব্য হিসেবে সবচেয়ে বেশি যে ক্লাবটির নাম শোনা গেছে তা হলো ম্যানচেস্টার সিটি। মেসি তথা বার্সার সাফল্যের অন্যতম রূপকার ম্যানসিটির কোচ পেপ গার্দিওলা। তবে শেষ পর্যন্ত বার্সা ছাড়েননি মেসি। সেই পেপ গার্দিওলাই লিওনেল মেসিকে বার্সেলোনাতেই ক্যারিয়ার শেষ করতে দেখতে চান।
মেসির সঙ্গে বার্সার চুক্তির মেয়াদ আছে আগামী জুন পর্যন্ত। এরপর মেসি ম্যানসিটিতেই যাবেন এমন খবর প্রায়ই আসে গণমাধ্যমে। তবে গার্দিওলার এক কথায় আপাতত সব হিসাব নতুন করে করতে হচ্ছে। ম্যানসিটিতে গার্দিওলার চুক্তি বেড়েছে ২০২২-২৩ সাল পর্যন্ত। এরপর থেকে আবারও গুঞ্জন শুরু হয় মেসি বার্সার সঙ্গে নতুন চুক্তি না করলে ম্যানসিটিতেই আসছেন। কারণ, সাবেক বার্সা কোচ গার্দিওলার সঙ্গে সুসম্পর্ক। কিন্তু গার্দিওলা বলেছেন, ‘লিওনেল মেসি বার্সেলোনার একজন খেলোয়াড়। যদি আপনারা আমার কাছে মতামত জানতে চান তাহলে আমি বলব আমি বার্সেলোনার কাছে কৃতজ্ঞ। তারা আমাকে সবকিছু দিয়েছে। একদম শুরু থেকে, যখন আমি অ্যাকাডেমিতে ছিলাম। তাই বার্সেলোনার একজন ভক্ত হিসেবে আমি চাই লিও সেখানে তার ক্যারিয়ার শেষ করুক।’
গার্দিওলা বার্সা-ভক্ত হিসেবে চান মেসি থাকুক সেখানেই। কিন্তু তাই বলে মেসির ম্যানসিটি আসার বিষয়টি একেবারে এড়িয়েও যাচ্ছেন না। জুনে দলবদলের আগে এসব নিয়ে ভাবতে চাইছেন না গার্দিওলা। তিনি বলেন, ‘চলতি মৌসুমে তার চুক্তির মেয়াদ শেষ হচ্ছে। আমরা জানি না কী ঘটতে যাচ্ছে কিংবা তার মনের ভেতরে কী আছে। এখন সে বার্সেলোনার খেলোয়াড় এবং দলবদলের বাজার আগামী জুন-জুলাইয়ের আগে খুলবে না। তার আগে আমাদের অনেক ম্যাচ আছে, অনেক কিছু অর্জন করার আছে। এই মুহূর্তে আমি কিছু বলতে পারছি না।’
