রাজধানীর উত্তরা পিস্তল ও গুলিসহ যুবদল নেতা ফেরদৌস মজুমদার মাসুম (৩১) কে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগ (ডিবি)।
গোয়েন্দা উত্তরা বিভাগের (ডিবি) একটি টিম শনিবার সন্ধ্যায় উত্তরা পশ্চিম থানা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে। এ সময় তার কাছ থেকে একটি বিদেশি পিস্তল ও তিন রাউন্ড গুলি ভর্তি একটি ম্যাগাজিন উদ্ধার করা হয়। তার বিরুদ্ধে উত্তরা পশ্চিম থানায় অস্ত্র আইনে মামলা করা হয়েছে। আদালত দুই দিনের রিমান্ড দিয়েছে ফেরদৌসকে।
পুলিশ জানায়, সে চিহ্নিত সন্ত্রাসী। বোমা সন্ত্রাসের সঙ্গেও সে জড়িত। তার বিরুদ্ধে বিভিন্ন থানায় মামালা রয়েছে।
ডিবির উত্তরা জোনাল টিমের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) বদরুজ্জামান জিল্লু দেশ রূপান্তরকে বলেন, উত্তরা পশ্চিম থানার ৫ নম্বর সেক্টরের ৩ নম্বর রোডের একটি বাড়িতে অভিযান চালিয়ে ফেরদৌসকে অস্ত্রসহ গ্রেপ্তার করা হয়েছে। সে উত্তরা পশ্চিম থানা যুবদলের সাধারণ সম্পাদক।
তিনি জানান, ফেরদৌস বোমা সন্ত্রাসের সঙ্গেও জড়িত। বোমা তৈরির সরঞ্জাম সরবরাহের অন্যতম চেইন হিসেবে সে কাজ করে। থানায় তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। উত্তরা পশ্চিম থানার বিস্ফোরক দ্রব্যাদি আইনে করা একটি মামলার সে পলাতক আসামি। তাকে দুই দিনের রিমান্ডে আনা হয়েছে।
