আন্তর্জাতিক শিশু শান্তি পুরস্কার বিজয়ী কিশোর সাদাত রহমান সাকিবকে নড়াইল জেলা প্রশাসনের পক্ষ থেকে সংবর্ধনা দেওয়া হয়েছে। গতকাল সোমবার বেলা ১১টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সংবর্ধনা দেওয়া হয়। সাইবার বুলিং ও সাইবার অপরাধ থেকে শিশুদের সুরক্ষায় বিশেষ অবদান রাখায় সাদাতকে এ পুরস্কার দেওয়া হয়।
জেলা প্রশাসক আনজুমান আরা, পুলিশ সুপার মোহাম্মদ জসিম উদ্দিন, জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট সুবাস চন্দ্র বোসসহ অন্যান্য অতিথি সংবর্ধিত সাদাত রহমানকে সম্মাননা স্মারক ও ফুলেল শুভচ্ছায় সিক্ত করেন।
অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. ইয়ারুল ইসলামের সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে জেলা শিক্ষা কর্মকর্তা এস এম ছায়েদুর রহমান, জেলা শিশুবিষয়ক কর্মকর্তা মো. ওয়ালিউর রহমান ও আবদুল হাই, সিটি কলেজের অধ্যক্ষ মুনিরুজ্জামান মল্লিক প্রমুখ উপস্থিত ছিলেন।
ফুলেল শুভেচ্ছায় সিক্ত সাদাত অনুভূতি ব্যক্ত করতে গিয়ে বলে, ‘কিশোর-কিশোরীরা ইন্টারনেটে যাতে নিরাপদ থাকতে পারে সে জন্য কাজ করে যাব। বিশ্বে যতদিন পর্যন্ত সাইবার বুলিং বন্ধ না হয় ততদিন কাজ চলবে। দেশের ৬৪ জেলায় দ্রুত কার্যক্রম শুরু করব।’
গত ১৩ নভেম্বর নেদারল্যান্ডভিত্তিক ‘কিডস রাইটস ফাউন্ডেশন’ শিশুদের নোবেল খ্যাত আর্ন্তজাতিক শিশুশান্তি পুরস্কার-২০২০ এ ভূষিত করে সাদাত রহমানকে।
