বিইউপিতে শিক্ষাবান্ধব সফটওয়্যার উদ্বোধন

আপডেট : ২৫ নভেম্বর ২০২০, ০৩:২৯ এএম

রাজধানীর মিরপুর সেনানিবাসে বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস্ (বিইউপি)-এর বিজয় অডিটোরিয়ামে গতকাল মঙ্গলবার ‘কম্প্রিহেন্সিভ লার্নিং ম্যানেজমেন্ট সিস্টেম (সিএলএমএস) রিমোর্ট প্রক্টোরিং এবং প্লাগিরাইজম চেকার’ শীর্ষক শিক্ষাবান্ধব সফটওয়্যারের উদ্বোধনী অনুষ্ঠান হয়েছে। বিইউপির উপাচার্য মেজর জেনারেল আতাউল হাকিম সারওয়ার হাসানের তত্ত্বাবধানে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন শিক্ষামন্ত্রী ডা. দীপুমনি ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে।

আইএসপিআর আরও জানায়, করোনা মহামারীর শুরু থেকে অনলাইনে চলমান বিইউপির শিক্ষা কার্যক্রমকে আরও যুগোপযোগী এবং যে কোনো প্রতিকূলতার মাঝেও সুচারুভাবে পরিচালনার জন্য বিইউপি এই সফটওয়্যার প্রবর্তন করছে। এই সফটওয়্যার ব্যবহারের মাধ্যমে অনলাইন ক্লাস পরিচালনা, শিক্ষক ও শিক্ষার্থীদের মধ্যে তথ্য আদান-প্রদান, শিক্ষার্থীদের সার্বিক অ্যাকাডেমিক অগ্রগতি বিষয়ক রিপোর্ট, প্রত্যেক শিক্ষক ও শিক্ষার্থীর প্রোফাইল ব্যবস্থাপনা, ভিডিও আপলোড, যে কোনো প্রকার পরীক্ষা গ্রহণ এবং তা রিমোট প্রক্টোরিং-এর মাধ্যমে পরিচালনা করা হবে। বিইউপির বঙ্গবন্ধু চেয়ারের অধ্যাপক, বাংলাদেশ অ্যাক্রেডিটেশন কাউন্সিলের সদস্যরা, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, বিইউপির উচ্চপদস্থ কর্মকর্তা, শিক্ষার্থী এবং বিপুল সংখ্যক গণমাধ্যমকর্মী উপস্থিত ছিলেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত