আফগানিস্তানে গত ১৪ বছরে প্রতিদিন গড়ে পাঁচটি শিশু নিহত বা আহত হয়েছে বলে তথ্য দিয়েছে সেভ দ্য চিলড্রেন। বিবিসি বলছে, ২০০৫ থেকে ২০১৯ সাল পর্যন্ত আফগানিস্তানে মারা গেছে অথবা চিরতরে পঙ্গুত্ববরণ করেছে ২৬ হাজার ২৫ শিশু। জেনেভায় গুরুত্বপূর্ণ এক বৈঠক সামনে রেখে গত সোমবার এ তথ্য প্রকাশ করে সেভ দ্য চিলড্রেন। একই সঙ্গে সংগঠনটি দাতা দেশগুলোর প্রতি আফগান শিশুদের ভবিষ্যৎ রক্ষায় পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছে।
সেভ দ্য চিলড্রেনের তথ্যানুযায়ী, বিশ্বে শিশুদের জন্য সবচেয়ে বিপজ্জনক ১১টি দেশের একটি আফগানিস্তান। বৈশ্বিক সহিংসতার ওপর প্রকাশিত প্রতিবেদনে সংগঠনটি বলেছে, শুধু ২০১৯ সালেই দেশটিতে নিহত হয়েছে ৮৭৪ শিশু। আর পঙ্গুত্ববরণ করেছে ২ হাজার ২৭৫ শিশু। হতাহত হওয়া এই শিশুদের দুই-তৃতীয়াংশের বেশি ছেলেশিশু।
