বর্জ্য ও বিষাক্ত পানি ব্যবস্থাপনা, নবায়নযোগ্য জ¦ালানি, গ্রিনহাউজ গ্যাস নিঃসরণ কমানোসহ জলবায়ু পরিবর্তনসংক্রান্ত বিভিন্ন বিষয়ে একযোগে কাজ করবে বাংলাদেশ ও ডেনমার্ক। গতকাল বৃহস্পতিবার সকালে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনবিষয়ক মন্ত্রী মো. শাহাব উদ্দিনের সঙ্গে মন্ত্রণালয়ে সৌজন্য সাক্ষাৎকালে এই আগ্রহের কথা জানান ডেনমার্কের রাষ্ট্রদূত উইনি এস্ট্রাপ পিটারসেন। মন্ত্রী তার সঙ্গে একমত পোষণ করেন।
আলোচনাকালে চট্টগ্রাম সমুদ্রবন্দরকে গ্রিন পোর্ট করতে ডেনমার্ক সরকারের সহায়তার বিষয়ে আগ্রহের কথা জানান রাষ্ট্রদূত। তিনি বলেন, টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জন, প্রতিবেশ রক্ষা, প্রাতিষ্ঠানিক সক্ষমতা বৃদ্ধিতে বাংলাদেশকে সহায়তা করবে ডেনমার্ক। তিনি জ¦ালানি দক্ষতা অর্জন, কৃষিসহ অন্যান্য ক্ষেত্রে পরিবেশবান্ধব কার্যক্রম বাস্তবায়নে বাংলাদেশকে সহযোগিতার প্রস্তাব করেন।
পরিবেশমন্ত্রী মো. শাহাব উদ্দিন বলেন, স্বাধীনতার পর থেকেই ডেনমার্ক বাংলাদেশকে অব্যাহত সমর্থন জুগিয়ে যাচ্ছে। জলবায়ু পরিবর্তনের নেতিবাচক প্রভাব মোকাবিলা ও পরিবেশদূষণ নিয়ন্ত্রণে বর্তমান সরকার নিরলসভাবে কাজ করছে। এ-সংক্রান্ত বিভিন্ন আন্তর্জাতিক ফোরামে বাংলাদেশ নেতৃত্ব দিচ্ছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বর্তমানে ‘ক্লাইমেট ভালনারেবিলিটি ফোরাম’-এর সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন।
