মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী শ ম রেজাউল করিম বলেছেন, করোনাকালে যারা বিদেশ থেকে ফিরে এসেছেন কিংবা দেশে চাকরি হারিয়ে বেকার হয়ে পড়েছেন তাদের প্রাণিসম্পদ খাতে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা হবে। বঙ্গবন্ধু দেশকে ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত করার স্বপ্ন দেখেছিলেন। তার সেই স্বপ্ন তারই যোগ্য উত্তরসূরি প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাত ধরে বাস্তবায়িত হচ্ছে। গতকাল শুক্রবার সকালে নগরীর নূরনগরে নবনির্মিত খুলনা বিভাগীয় প্রাণিসম্পদ ভবন উদ্বোধন অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।
প্রাণিসম্পদমন্ত্রী বলেন, বিশ্বের বুকে অর্থনৈতিক উন্নয়নের রোলমডেলে পরিণত হয়েছে বাংলাদেশ। কিন্তু বিশ্বব্যাপী করোনা মহামারীর ছোবলে অনেকে কর্মসংস্থান হারিয়েছে। তাদের জন্য নানামুখী প্রণোদনা প্যাকেজের মাধ্যমে প্রাণিসম্পদ খাতে আত্মকর্মসংস্থান সৃষ্টি করা হবে। প্রাথমিক পর্যায়ে ৬ লাখ ৯৬ হাজার কৃষক ও উদ্যোক্তার মাঝে ৯০০ কোটি টাকা বিতরণ করা হবে। পরে আরও ৪ হাজার কোটি টাকা প্রণোদনা হিসেবে দেওয়া হবে।
মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সচিব রওনক মাহমুদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তৃতা করেন খুলনার বিভাগীয় কমিশনার ড. মু. আনোয়ার হোসেন হাওলাদার, মৎস্য অধিদপ্তরের মহাপরিচালক কাজী শামস আফরোজ, প্রাণিসম্পদ গবেষণা ইনস্টিটিউটের মহাপরিচালক ড. নথুরাম সরকার, জেলা প্রশাসক মোহাম্মদ হেলাল হোসেন, উপপুলিশ কমিশনার এসএম শাকিলউজ্জামান, প্রকল্প পরিচালক ডা. দিলীপ কুমার ঘোষ, মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এমডিএ বাবুল রানা, খামারি শেখ মোজাম্মেল হক। স্বাগত জানান মৎস্য ও প্রাণিসম্পদ অধিদপ্তরের মহাপরিচালক ডা. আবদুল জব্বার শিকদার। খুলনা বিভাগে নির্মিত এ ভবনটি বাংলাদেশের প্রথম বিভাগীয় প্রাণিসম্পদ ভবন। ভবনটি নির্মাণে ব্যয় হয়েছে ১১ কোটি ৬৮ লাখ টাকা। ২০১৮-১৯ অর্থবছরে শুরু হয়ে ২০২০ সালের জুন মাসে ছয়তলা এ ভবনের নির্মাণকাজ শেষ হয়।
