প্রতিদিন সারা দেশে কিছু না কিছু অনিয়ম, দুর্নীতি হচ্ছে, সে তুলনায় ঢাকার দোহার-নবাবগঞ্জে দুর্নীতি নাই বললেই চলে। অন্যের জমি দখল, চাঁদাবাজি, মাদক সেবন বা বিক্রি নেই এই অঞ্চলে।
শনিবার সকালে ঢাকার নবাবগঞ্জ উপজেলার আব্দুল ওয়াছেক মিলনায়তনে উপজেলা আওয়ামী লীগের নবগঠিত আহ্বায়ক কমিটির আলোচনায় ভার্চুয়ালে সভার প্রধান অতিথি ঢাকা- ১ আসনের এমপি ও প্রধানমন্ত্রীর শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান এসব কথা বলেন।
সালমান আরও বলেন, খুব তাড়াতাড়ি নবাবগঞ্জ উপজেলায় সম্মেলনের মাধ্যমে আওয়ামী লীগের একটি স্বচ্ছ পূর্ণাঙ্গ কমিটি উপহার দেওয়া হবে। তৃণমূল থেকে শুরু করে ইউনিয়ন এবং ইউনিয়ন থেকে উপজেলায় সম্মেলন করে কমিটি করা হবে। দলের মধ্যে যেন কোন মাদক সন্ত্রাস ও জঙ্গিবাদ ঠাঁই না পায় সেদিকে নজর রাখতে হবে। আর সেই জন্য সবার আগে আওয়ামী লীগের সদস্য গ্রহণ করতে হবে এবং তাদের একটি ডেটাবেইস তৈরি করতে হবে। আর ডেটাবেইস হলেই কমিটিতে অস্বচ্ছ সদস্য ঢুকছে কিনা তা প্রমাণ হয়ে যাবে।
তিনি বলেন, আমি দলের মধ্যে কোন গ্রুপিং দেখতে চাই না। সেই জন্যই এই আহ্বায়ক কমিটির মাধ্যমে ভবিষ্যতে একটি গ্রুপিংমুক্ত আওয়ামী লীগের কমিটি উপহার দিতে চাই।
নবাবগঞ্জ উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক মিজানুর রহমান কিসমত ভূঁইয়ার সভাপতিত্বে এবং যুগ্ম আহ্বায়ক দেওয়ান আওলাদ হোসেন, ড. সাফিল উদ্দিন মিয়া ও আরিফুর রহমান শিকদারের সঞ্চালনায় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক কমিটির সদস্য মো. ইব্রাহীম খলিল, মনিরুজ্জামান মনির, নন্দ লাল সিং, ইউসুফ হারুন টিপু, মো. মোতাহার হোসেন, এসএম সাইফুল ইসলাম প্রমুখ।
