৩৭০ ধারা বাতিলের পর এই প্রথম নির্বাচন হচ্ছে জম্মু ও কাশ্মীরে। জম্মু ও কাশ্মীর ডিস্ট্রিক্ট ডেভেলপমেন্ট কাউন্সিলের প্রথম দফার ভোটগ্রহণ হয় গতকাল সকাল ৭টায়, যা দুপুর ২টা পর্যন্ত চলে বলে জানিয়েছে এনডিটিভি।
ডিস্ট্রিক্ট ডেভেলপমেন্ট কাউন্সিলের (ডিডিসি) আট দফার নির্বাচনে জম্মু ও কাশ্মীরের মোট ২৮০টি আসনে ভোটগ্রহণ হবে। ভোটগ্রহণ পর্ব শেষ হবে ১৯ ডিসেম্বর। ফলপ্রকাশ ২২ ডিসেম্বর। প্রথম দফায় মোট ৪৩ আসনে ভোটগ্রহণ হবে। ২৫টি কাশ্মীরে এবং ১৮টি জম্মুতে। মোট সাত লাখ বৈধ ভোটার এই পর্বে ভোট দিতে পারবেন।
৩৭০ ধারা অর্থাৎ বিশেষ মর্যাদা বাতিল হওয়ার পর এই প্রথম কোনো নির্বাচন হচ্ছে কাশ্মীরে। স্বাভাবিকভাবেই উপত্যকা তথা জম্মুতে কড়া নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। মোতায়েন হয়েছে অতিরিক্ত ১৪৫ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। কাশ্মীরেও বাড়ানো হয়েছে তল্লাশি। সব মিলিয়ে নিরাপত্তার কোনোরকম খামতি রাখতে চায় না প্রশাসন। কারণ এই নির্বাচনের দিকে নজর রয়েছে গোটা বিশ্বের। ৩৭০ ধারা বাতিলের পর কাশ্মীরের বর্তমান পরিস্থিতি কী, কাশ্মীরবাসী কী চাইছে, সবটাই স্পষ্ট হবে ভোটের পর।
এই ডিডিসি নির্বাচনে মূল লড়াই পিডিপি, ন্যাশনাল কনফারেন্সসহ কাশ্মীরের বিভিন্ন ছোট রাজনৈতিক দলের জোট অর্থাৎ গুপকার জোটের বিরুদ্ধে বিজেপির।
