ভাস্কর্যকে ইস্যু বানিয়ে ঘোলা পানিতে মাছ শিকার করতে চায়: নিক্সন চৌধুরী

আপডেট : ৩০ নভেম্বর ২০২০, ০৯:২৬ পিএম

ভাস্কর্যকে ইস্যু বানিয়ে তারা ঘোলা পানিতে মাছ শিকার করতে চায় বলে মন্তব্য করেছেন, যুবলীগের প্রেসিডিয়াম সদস্য মুজিবর রহমান নিক্সন চৌধুরী এমপি।

তিনি বলেন, ভাস্কর্য এবং মূর্তির প্রভেদ যারা বুঝে না, তাদের জ্ঞানের সীমাবদ্ধতা আমরা জানি। যার বাবা মুক্তিযুদ্ধবিরোধী রাজাকার ছিল, সে বঙ্গবন্ধুর বিরোধিতা করবে- এটা অস্বাভাবিক কিছু নয়।

সোমবার চট্টগ্রাম নগরীর পুরাতন রেল স্টেশন চত্বরে কেন্দ্রীয় যুবলীগের নবনির্বাচিত যুগ্ম সাধারণ সম্পাদক বদিউল আলম বদির সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। চট্টগ্রাম মহানগর এবং উত্তর ও দক্ষিণ জেলা যুবলীগ এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করে।

মুজিবর রহমান নিক্সন চৌধুরী বলেন, বঙ্গবন্ধুর ভাস্কর্য প্রতীকী কিছু নয়। মনে রাখা উচিত-বঙ্গবন্ধুর সঙ্গে মুক্তিযুদ্ধের চেতনা, দেশের স্বাধীনতার বিষয় জড়িত। দেশের কোটি কোটি মানুষের আবেগ-ভালোবাসা মিশ্রিত। তারা ভাস্কর্য ইস্যু নিয়ে প্রধানমন্ত্রীকে চ্যালেঞ্জ করেন। প্রধানমন্ত্রী পর্যন্ত যেতে হাজার বছর লাগবে। আগে যুবলীগের সামনে আসেন। সারা বাংলায় আপনারা যুবলীগকেও মোকাবিলা করার যোগ্যতা রাখেন না। কোন দেশের টাকা খাচ্ছেন, কী এজেন্ডা বাস্তবায়ন করতে চান-তা আমরা জানি। আপনাদের মোকাবিলা করতে যুবলীগই যথেষ্ট।

সংবর্ধিত অতিথি বদিউল আলম বদি বলেন, যুবলীগ চেয়ারম্যান, সাধারণ সম্পাদক আমাকে যে দায়িত্ব দিয়েছেন, তা আমি অতীতের মতো বিশ্বস্ততার সঙ্গে পালন করবো। মাননীয় প্রধানমন্ত্রীর টেকসই উন্নয়ন ত্বরান্বিত করতে মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ একটি দক্ষ, প্রশিক্ষিত, আধুনিক, বিজ্ঞানমনস্ক যুবসমাজ গড়ে তোলার জন্য নিরলসভাবে কাজ করে যাবে।

নগর যুবলীগের আহ্বায়ক মহিউদ্দিন বাচ্চুর সভাপতিত্বে উত্তর জেলা যুবলীগের সাধারণ সম্পাদক মো. রাশেদুল আলমের পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন উত্তর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আতাউর রহমান আতা, নগর আওয়ামী লীগের সহ-সভাপতি আলতাফ হোসেন বাচ্চু, যুবলীগের সাবেক প্রেসিডিয়াম সদস্য সৈয়দ মাহমুদুল হক, দক্ষিণ জেলা যুবলীগ সভাপতি আ ম ম টিপু সুলতান চৌধুরী, সাধারণ সম্পাদক পার্থ সারথি চৌধুরী, নগর যুবলীগ যুগ্ম আহ্বায়ক ফরিদ মাহমুদ, দিদারুল আলম দিদার, মাহবুবুল হক সুমন প্রমুখ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত