বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে বাংলাদেশ সেনাবাহিনীর সার্বিক তত্ত্বাবধানে ‘মুজিববর্ষ সাইক্লিং এক্সপেডিশন’-এর ফ্ল্যাগ ইন গতকাল মঙ্গলবার টেকনাফের শাহ পরীর দ্বীপে অনুষ্ঠিত হয়েছে। গত ৮ নভেম্বর পঞ্চগড়ের বাংলাবান্ধা জিরো পয়েন্ট থেকে এই সাইক্লিং এক্সপেডিশনের যাত্রা শুরু হয়েছিল। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এ তথ্য জানিয়েছে।
আইএসপিআর আরও জানায়, এ অনুষ্ঠানের মাধ্যমে মুজিববর্ষকে ইতিহাসের পাতায় অমলিন করে রাখতে বাংলাদেশ সেনাবাহিনীর ১০০ জন সেনাসদস্য অদম্য শক্তি ও সাহসিকতার সঙ্গে তেঁতুলিয়ার বাংলাবান্ধা থেকে টেকনাফের শাহ পরীর দ্বীপ পর্যন্ত মোট ১০১০ কিলোমিটার পথ পাড়ি দিয়েছেন।
আইএসপিআর আরও জানায়, বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীকে স্মরণীয় করে রাখতে সরকার ২০২০ সালের ১৭ মার্চ থেকে ২০২১ সালের ২৬ মার্চ পর্যন্ত সময়কালকে ‘মুজিববর্ষ’ হিসেবে উদযাপনের সিদ্ধান্ত নিয়েছে। তারই ধারাবাহিকতায় তেঁতুলিয়া থেকে টেকনাফ পর্যন্ত সাইকেলে দীর্ঘ পথ পাড়ি দেওয়ার দুঃসাহসিক প্রয়াস গ্রহণ করা হয়েছে। সম্পূর্ণ পথে জাতির পিতার জন্মশতবর্ষের চেতনাকে ধারণ করার জন্য বাংলাদেশ সেনাবাহিনীর সকল ফরমেশনের ১০০ জন সাইক্লিস্টের অংশগ্রহণে এই বছরকে আরও তাৎপর্যপূর্ণ করে তোলার প্রচেষ্টা গ্রহণ করা হয়েছে।
