তারুণ্যনির্ভর বিজ্ঞান সংগঠন হোয়াইটবোর্ড সায়েন্স ক্লাব আয়োজন করলো জাতীয় বিজ্ঞান উৎসব E-SCI Circus2020। দুইটি ক্যাটাগরিতে দশটি সেগমেন্টে আয়োজিত এই উৎসবে ছিলো প্রজেক্ট কম্পিটিশন, প্রোগ্রামিং কন্টেস্ট, রিসার্চার্স হান্ট, পাবলিক স্পিকিং কম্পিটিশন, সায়েন্স কুইজ, ফিকশন কন্টেস্ট, আর্ট ও অরিগ্যামি কন্টেস্ট, বিজ্ঞান আলাপন এবং ওয়ার্কশপ।
এসব সেগমেন্টে অংশগ্রহণ করে সারা দেশের এক হাজার স্কুল ও কলেজ শিক্ষার্থী। পাশাপাশি ওয়ার্কশপ ও বিজ্ঞান আলাপনে প্রশিক্ষক ও অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খ্যাতিমান বিজ্ঞানী ও গবেষকবৃন্দ।
সম্পূর্ণ অনলাইনে অনুষ্ঠিত এই জাতীয় বিজ্ঞান উৎসবের সমাপনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফলিত রসায়ন ও কেমিকৌশল বিভাগের সহযোগী অধ্যাপক ড. মোহাম্মদ ইসমাইল, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের জীন প্রকৌশল ও জৈবপ্রযুক্তি বিভাগের সহযোগী অধ্যাপক ড. আদনান মান্নান এবং হোয়াইটবোর্ড সায়েন্স ক্লাবের কো-অর্ডিনেটর সাইদ খান সাগর। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মাহির আজরফ। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন হোয়াইটবোর্ড সায়েন্স ক্লাবের আব্দুর রহমান, সাদিয়া সুলতানা, অংকন দে ও আয়মান আওসাফ।
অনুষ্ঠানে বক্তারা বিজ্ঞানমনস্ক জাতি গঠনে ও ভবিষ্যতের উন্নত বাংলাদেশ বিনির্মাণে এইসকল বিজ্ঞান নির্ভর আয়োজনের উপর গুরুত্বারোপ করেন। অনুষ্ঠানের শেষে দুইটি ক্যাটাগরিতে আটটি প্রতিযোগিতার ৮০ জন বিজয়ীর নাম ঘোষণা করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের অধ্যাপক ও হালদা রিসার্চ ল্যাবরেটরির কো-অর্ডিনেটর ড. মঞ্জুরুল কিবরিয়া এবং প্রিমিয়ার ইউনিভার্সিটির ইইই বিভাগের সহকারি অধ্যাপক সাইফুদ্দিন মুন্না।
উৎসব চলাকালে বিজ্ঞান আলাপনে অংশ নেন অস্ট্রেলিয়ান নেভিতে কর্মরত ড. নাদিয়া হক, ইন্টেল কর্পোরেশন এর ডাটা সায়েন্টিস্ট ডক্টর সালওয়া মুস্তাফা এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের জীন প্রকৌশল ও জৈবপ্রযুক্তি বিভাগের সহযোগী অধ্যাপক ডক্টর নাজনীন নাহার ইসলাম।
উৎসব উপলক্ষে আয়োজিত ৭ পর্বের গবেষণা ও প্রোগ্রামিং কর্মশালায় অতিথি ট্রেইনার হিসেবে যোগ দেন মাহাদিয়া কুমকুম, রুবায়েত আলম, সাদিক শাহরিয়ার নিশাত, আজমাইন বিন আমির, আলভি রওনক, ইফতেখার ইবনে জালাল এবং ইফতেখার আজিম।
পুরো আয়োজনের স্পন্সর হিসেবে ছিলো খাসফুড এবং ইয়ুথ এনগেজমেন্ট পার্টনার হিসেবে ছিলো অপরচুনিটিজ ফর কিডস। এছাড়াও সহযোগী আয়োজক হিসেবে ছিলো চিটাগাং ম্যাথ সার্কেল, এনওয়াইবিবি ও এসএসডিসি।
উল্লেখ্য, হোয়াইটবোর্ড সায়েন্স ক্লাব স্কুল-কলেজের শিক্ষার্থীদের মাঝে বিজ্ঞান চর্চা ছড়িয়ে দিতে ২০১৮ সাল থেকে নিরলসভাবে কাজ করে আসছে।
দেশব্যাপী বিজ্ঞান মহলে ব্যাপক সমাদৃত তাদের বিভিন্ন আয়োজনের মধ্যে হোয়াইটবোর্ড রোবটিক্স স্কুল, প্রোগ্রামিং স্কুল, বায়োটেকনোলজি সামার স্কুলিং উল্লেখযোগ্য।
