বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ প্রচার সম্পাদক,সিরাজগঞ্জ জেলা বিএনপির সদস্য ও ছাত্রদল কেন্দ্রীয় কমিটির সাবেক সাধারণ সম্পাদক আমিরুল ইসলাম খান আলীমকে বৃহস্পতিবার দুপুরে সিরাজগঞ্জে অবাঞ্ছিত ঘোষণা করা হয়েছে।
সিরাজগঞ্জ জেলা বিএনপি ও তার ১১টি অঙ্গ সংগঠনের জেলা নেতৃবৃন্দ একযোগে তাকে অবাঞ্ছিত ঘোষণা করেন। তাকে সিরাজগঞ্জ জেলা বিএনপির সদস্য পদ থেকে অব্যাহতি প্রদান করারও সুপারিশ করেছে জেলা বিএনপি।
বৃহস্পতিবার দুপুরে সিরাজগঞ্জ শহরের ইবি রোডের জেলা বিএনপি কার্যালয়ের সামনে জেলা বিএনপির ১১টি অঙ্গ সংগঠনের জেলা পর্যায়ের নেতৃবৃন্দের এক সমাবেশ অনুষ্ঠিত হয়। এ সমাবেশ থেকে সিরাজগঞ্জ জেলা বিএনপির যুব বিষয়ক সম্পাদক ও সিরাজগঞ্জ জেলা যুবদলের সভাপতি মির্জা আবদুল জব্বার বাবু ১১টি অঙ্গ সংগঠনের পক্ষ থেকে এই ঘোষণা দেন।
এ সময় সিরাজগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি আনোয়ার হোসেন রাজেশ, জেলা যুবদলের সাধারণ সম্পাদক মোরাদুজ্জামান মুরাদ, সাংগঠনিক সম্পাদক আব্দুল আলীম, জেলা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক মিলন হক রনজু, জেলা ছাত্রদলের সভাপতি জুনায়েদ হোসেন সবুজ, সাধারণ সম্পাদক সেরাজুল ইসলাম সহ বিএনপির ১১টি অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
