পুলিশ সদর দপ্তরের এআইজি (অপারেশন) সাঈদ তারিকুল হাসান (৪৫) মারা গেছেন। গতকাল বৃহস্পতিবার বিকেলে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তিনি চট্টগ্রাম সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন)। জানা গেছে, সাঈদ বান্দরবানে সরকারি দায়িত্ব পালনকালে হঠাৎ বুকে তীব্র ব্যথা অনুভব করেন। তাৎক্ষণিক হেলিকপ্টারে করে চট্টগ্রাম সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) তাকে নেওয়া হয়। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
সাঈদের অকাল মৃত্যুতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) ড. বেনজীর আহমেদ গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন। তিনি মা, স্ত্রী, দুই মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। ১৯৭৫ সালের ২৭ নভেম্বর দিনাজপুরে সাঈদের জন্ম। তিনি ২০তম বিসিএস (পুলিশ) ব্যাচে সহকারী পুলিশ সুপার হিসেবে যোগদান করেন।
জানা গেছে, মরহুমের জানাজা আজ শুক্রবার বেলা ১১টায় রাজারবাগ পুলিশ লাইনসের শহিদ এসআই শিরু মিয়া মিলনায়তনে অনুষ্ঠিত হবে।
