পাঁচ মাসের বকেয়া বেতনের দাবিতে বিক্ষোভ মিছিল করেছে আশুলিয়ার চারাবাগ এলাকায় অবস্থিত এলাইনস অ্যাপারেলস লিমিটেড নামের একটি পোশাক কারখানার শ্রমিকরা।
শুক্রবার সকাল ১১টার দিকে আশুলিয়া প্রেস ক্লাবের সামনে নবীনগর-চন্দ্রা মহাসড়কে এ বিক্ষোভ মিছিল করেন তারা।
এ সময় শ্রমিকরা জানান, পাঁচ মাসের বকেয়া বেতন না দিয়ে কারখানা থেকে ৪২৫ জন শ্রমিক ছাঁটাই করা হয়েছে।
এছাড়াও তাদেরকে কোনো আইনানুগ পাওনাও দেয়নি কারখানা কর্তৃপক্ষ। বকেয়া বেতন বা আইনানুগ পাওনা চাইতে গেলে কারখানা কর্তৃপক্ষ স্থানীয় সন্ত্রাসীদের দিয়ে শ্রমিকদের হুমকি-ধমকি প্রদান করে। কোনো উপায় না পেয়ে আমাদের বকেয়া বেতন ও আইনানুগ পাওনা পরিশোধের দাবিতে বিক্ষোভ মিছিল করা হচ্ছে।
এ বিষয়ে জাতীয় গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের আশুলিয়া থানা সভাপতি ফরিদুল ইসলাম বলেন, আশুলিয়ার চারাবাগ এলাকায় অবস্থিত এলাইন অ্যাপারেলস লিমিটেড নামের একটি কারখানা কর্তৃপক্ষ বেআইনিভাবে ৪২৫ জন শ্রমিকে চাকরিচ্যুত করেছে। যাদের পাঁচ মাসের বকেয়া বেতন-আইনানুগ কোনো ক্ষতিপূরণ দেননি।
বকেয়া বেতন, ভাতা ও আইনানুগ ক্ষতিপূরণ দিতে মালিক, সরকার ও বিজিএমইএসহ সবার প্রতি জোর দাবি জানাই।
