বিশ্বকাপ ও এশিয়ান কাপের যৌথ বাছাইয়ে কাতারের বিপক্ষে মাঠে নেমেছে বাংলাদেশ। শুক্রবার দোহার আব্দুল্লাহ বিন খলিফা স্টেডিয়ামে ‘ই’ গ্রুপের প্রিলিমিনারি রাউন্ডের ম্যাচটি শুরু হয়েছে বাংলাদেশ সময় রাত ১০টায়।
কাতার ২০১৯ এশিয়ান কাপ চ্যাম্পিয়ন। র্যাঙ্কিংয়েও বাংলাদেশের চেয়ে ঢের এগিয়ে। ফিফা র্যাঙ্কিংয়ে কাতারের অবস্থান ৫৯তম। বাংলাদেশ আছে ১৮৪তম স্থানে।
তবে সেই ব্যবধান ঘুচে বাংলাদেশ চায় অন্তত এক পয়েন্ট নিয়ে বাড়ি ফিরতে। ম্যাচের আগের দিন অধিনায়ক জামাল ভূঁইয়া বলেছেন, ‘প্রথম লক্ষ্য হচ্ছে কমপক্ষে ১ পয়েন্ট পাওয়া। অবশ্যই ওরা অনেক শক্তিশালী দল। ওরা এশিয়ার এক (আসলে পাঁচ) নম্বর। তাদের বিপক্ষে এক পয়েন্ট পাওয়া আমাদের জন্য অনেক ভালো হবে। তবে যদি আমরা ভালো খেলতে পারি… মানুষ জয় চাই। আমরা জয়ের জন্য খেলব।’
প্রথম পর্বে দুই দলের দেখায় ২-০ তে জিতেছিল কাতার। গত বছর বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচটিতে অবশ্য বাংলাদেশ বেশ ভালো লড়াই করেছিল।
নিশ্চিতভাবেই বাংলাদেশের রক্ষণভাগের উপর দিয়ে এনে ম্যাচে ঝড় বইয়ে যাবে। ডিফেন্ডার তপু বর্মন বলেছেন, ‘দলে এখন সবাই ফিট, রক্ষণভাগের বোঝাপড়াও আগের চেয়ে ভালো এখন। প্রথমার্ধ কোনোভাবে ঠেকিয়ে রাখতে পারলে সবার মধ্যে আত্মবিশ্বাস সঞ্চারিত হবে।’
বাংলাদেশ একাদশ
আনিসুর রহমান জিকো (গোলরক্ষক), বিশ্বনাথ ঘোষ. রহমত মিয়া, তপু বর্মন, রিয়াদুল হাসান রাফি, জামাল ভূঁইয়া, বিপলু আহমেদ, সোহেল রানা, মোহাম্মদ ইব্রাহিম, মাহবুবুর রহমান সুফিল ও সাদউদ্দিন।
