অমুসলিম প্রতিবেশী অসুস্থ হলে

আপডেট : ০৬ ডিসেম্বর ২০২০, ১২:৫৪ এএম

প্রশ্ন : আমাদের পাশের বাড়িতে এক হিন্দু পরিবার থাকে। আর্থিকভাবে তারা অসচ্ছল। কয়েক দিন আগে সেই পরিবারের বড় ছেলে অসুস্থ হয়ে পড়লে আমরা তাকে দেখতে যাই এবং তাকে আর্থিক সহযোগিতা করি। কিন্তু আমার এক চাচাতো ভাই বলল, আপনি একটি মুশরিক পরিবারকে সাহায্য করে অনেক বড় গুনাহ করেছেন। আপনার তওবা করা উচিত। আমি জানতে চাই, তাদের সহযোগিতা করায় আমার কি গুনাহ হয়েছে?

প্রশ্ন করেছেন কাজী মাসউদ, নোয়াখালী

 উত্তর : প্রতিবেশী অমুসলিম হলেও তার সঙ্গে সদাচরণ করা, বিপদাপদে সাহায্য-সহযোগিতা করা, অসুস্থ হলে খোঁজ-খবর নেওয়া এবং সাহায্য করা ইসলামের শিক্ষা। এটিও প্রতিবেশীর হকের অন্তর্ভুক্ত। আল্লাহতায়ালা ইরশাদ করেন, ‘দ্বীনের ব্যাপারে যারা তোমাদের বিরুদ্ধে যুদ্ধ করেনি এবং তোমাদের নিজেদের দেশ থেকে বের করে দেয়নি তাদের প্রতি মহানুভবতা প্রদর্শন ও ন্যায়বিচার করতে আল্লাহ তোমাদের নিষেধ করেননি। আল্লাহ তো ন্যায়পরায়ণদের ভালোবাসেন।’ (সুরা মুমতাহিনা, আয়াত : ৮)

আনাস বিন মালিক (রা.) বলেন, ‘এক ইহুদি বালক রাসুল (সা.)-এর খেদমত করত। একবার সে অসুস্থ হলে রাসুল (সা.) তাকে দেখতে গেলেন। অতঃপর তাকে বললেন, তুমি ইসলাম গ্রহণ করো। ফলে সে মুসলিম হয়ে গেল। (বুখারি, হাদিস : ৫৬৫৭)

সুতরাং প্রশ্নোক্ত ক্ষেত্রে হিন্দু ছেলেটিকে দেখতে যাওয়া এবং আর্থিক সহযোগিতা করা অন্যায় হয়নি; বরং প্রতিবেশীর হক আদায়ের কারণে তা প্রশংসনীয় ও সওয়াবের কাজ হিসেবে গণ্য হবে।

সূত্র : ফাতহুল বারি, খ- ৩, পৃষ্ঠা ২৬২। উমদাতুল কারি, খ- ২১, পৃষ্ঠা ২১৮। আলবাহরুর রায়িক, খ- ৮, পৃষ্ঠা ২০৪। ফাতাওয়া হিন্দিয়া, খ- ৫, পৃষ্ঠা ৩৪৮।

সর্বশেষ সর্বাধিক পঠিত