ভাস্কর্যবিরোধীদের কঠোর জবাব দেওয়া হবে: খালিদ মাহমুদ চৌধুরী

আপডেট : ০৬ ডিসেম্বর ২০২০, ০৮:২৮ পিএম

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্যবিরোধীদের কঠোর জবাব দেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী এমপি। কুষ্টিয়াতে বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙচুরকারীদের সমুচিত জবাব দেওয়া হবে বলেও বলেন তিনি।

রবিবার বিকেলে দিনাজপুরের সেতাবগঞ্জ শহীদ মিনারে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী এসব কথা বলেন। 

বোচাগঞ্জ মুক্ত দিবস উপলক্ষে আলোচনা সভার আয়োজনে প্রধান অতিথির বক্তব্যে খালিদ মাহমুদ চৌধুরী বলেন, স্বাধীনতাবিরোধীরা এদেশকে অনেক পিছিয়ে দিয়েছে। আমরা আর পিছিয়ে যেতে চাই না। পাক হানাদার বাহিনীর পদলেহনকারী ও পাকিস্তানী ভাবধারায় যারা বাংলাদেশে রাজনীতি করছে, যারা পাকিস্তানের স্বপ্ন বাস্তবায়ন করার জন্য এখনো স্বপ্ন দেখে, আমরা দেখতে পাচ্ছি আজকে ভাস্কর্যের নামে তারা বঙ্গবন্ধুর উপর আক্রমণ করতে চায়। ভাবতে অবাক লাগে, যেই বাংলাদেশ বঙ্গবন্ধুর আদর্শের উপর দাঁড়িয়ে আছে, মুক্তিযুদ্ধের চেতনা নিয়ে যেই বাংলাদেশের পতাকা সমগ্র পৃথিবীতে পতপত করে উড়ছে, সেই জায়গায় তারা বঙ্গবন্ধুকে আঘাত করতে চায়!

ভাস্কর্যবিরোধীদের উদ্দেশ্যে তিনি আরো বলেন, বাংলাদেশের জন্মদাতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। যতদিন বাংলাদেশ থাকবে, যতদিন আমার জাতীয় পতাকা পতপত করে উড়বে, যতদিন আমরা গাইব- আমার সোনার বাংলা, আমি তোমায় ভালবাসি, ততদিন বঙ্গবন্ধু অমর হয়ে থাকবে। তিনি অমরত্ব লাভ করেছেন। বঙ্গবন্ধুকে কেউ হত্যা করতে পারবে না।

খালিদ মাহমুদ বলেন, বঙ্গবন্ধুকে কেউ হত্যা করতে পারে নাই। জিয়াউর রহমান পারে নাই, এরশাদ পারে নাই, খালেদা জিয়াও পারে নাই, ওই পাকিস্তানিরাও পারে নাই। বঙ্গবন্ধু কোন ব্যক্তি নন, বঙ্গবন্ধু একটি আদর্শ, একটি প্রতিষ্ঠান। বঙ্গবন্ধু এই স্বাধীন বাংলাদেশের প্রতিষ্ঠাতা, জাতির পিতা।

ভাস্কর্যবিরোধীদের হুঁশিয়ার করে তিনি বলেন, আজকে কোথায় খালেদা জিয়া, কোথায় সেই পাক হানাদার বাহিনী, কোথায় নিজামী, গোলাম আজম, সাকা চৌধুরী, কামারুজ্জামান, কাদের মোল্লা। অপরাধের কঠোর জবাব দেওয়া হবে।

বোচাগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ছন্দা পালের সভাপতিত্বে বোচাগঞ্জ মুক্ত দিবস আলোচনায় আরো উপস্থিত ছিলেন, বোচাগঞ্জ উপজেলার সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার মো. জাফর উল্লাহ, সেতাবগঞ্জ পৌর মেয়র এম এ সবুর, বোচাগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আফছার আলী প্রমুখ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত