নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলায় অবৈধ গ্যাস বিচ্ছিন্ন করতে গিয়ে এলাকাবাসীর সঙ্গে পুলিশের দফায় দফায় ধাওয়া পাল্টা ধাওয়া, ইটপাটকেল নিক্ষেপসহ ব্যাপক সংঘর্ষের ঘটনা ঘটেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ রাবার বুলেট ও কাঁদানে গ্যাস নিক্ষেপ করে। একপর্যায়ে গোটা এলাকা রণক্ষেত্র পরিণত হয়। এতে করে একজন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও পুলিশ অফিসার সহ ২০-২৫ জন আহত হয়েছে।
রোববার দুপুর হতে বিকেল পর্যন্ত আড়াইহাজার পৌরসভার ঝাউগড়া এলাকায় এ ঘটনা ঘটে।
এদিকে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করতে গিয়ে ব্যাপক সংঘর্ষের ঘটনা ঘটলেও পিছু না হটে পুলিশ পªহরায় ও ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে ৩-৪ হাজার অবৈধ গ্যাস বিচ্ছিন্ন করে তিতাস কর্তৃপক্ষ।
এদিকে সংঘর্ষের ঘটনায় দুপুর একটা হতে শুরু করে বিকেল ৪ টা পর্যন্ত তা চলে। আর সংঘর্ষের পর ঢাকা-বিশনন্দী ফেরিঘাট সড়ক যান চলাচল বন্ধ হয়ে যায়। এতে করে মানুষ চরম ভোগান্তির শিকার হতে হয়।
জানা যায়, আড়াইহাজার পৌরসভার ঝাউগড়া এলাকায় প্রভাবশালীদের ছত্র ছায়ায় কয়েক হাজার অবৈধ গ্যাস সংযোগ নেয় এলাকার লোকজন। এতে করে স্থানীয় কিছু অসাধু লোকজন আর্থিক সুবিধা গ্রহণ করেন। কিন্তু সরকার রাজস্ব থেকে বঞ্চিত হয়। গত কয়েক দিন আগে তিতাস কর্তৃপক্ষ ঝাউগড়া এলাকায় কয়েকশ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করলেও ফের সংযোগ দিয়ে গ্যাস ব্যবহার করে আসছিল।
রোববার দুপুরে উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট উজ্জ্বল হোসেনের নেতৃত্বে পুলিশ সদস্যদের নিয়ে তিতাস অফিসের লোকজন অবৈধ গ্যাস লাইন সংযোগ বিচ্ছিন্ন শুরু করে। প্রায় ৫/৬শ অবৈধ সংযোগ বিচ্ছিন্ন হয়েও যায়। এ সময় শত শত নারী পুরুষ একত্রিত হয়ে অভিযানের টিমের ওপর হামলা চালায়। এ সময় পুলিশ এলাকার লোকদের দাওয়া দিলে বেপরোয়া হয়ে উঠে এলাকার লোকজন।
পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ৮৭ রাউন্ড রাবার বুলেট, ১৩ টি কাঁদানে গ্যাস ছুড়ে। এ সময় পুলিশ বেশ কয়েকজনকে আটক করে।
তিতাস অফিসের সোনারগাঁ জোনের ডেপুটি ম্যানেজার রিফাত আবদুল্লাহ দেশ রূপান্তরকে জানান, আড়াইহাজার উপজেলার ঝাউগড়া এলাকায় কয়েক হাজার অবৈধ গ্যাস সংযোগ রয়েছে। রোববার আমরা অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করতে গেলে আমাদের অভিযানের টিমের ওপর হামলা চালায়। পুলিশ সদস্য সহ আমাদের কয়েকজন আহত হয়। আমরা মামলা দায়েরের জন্য প্রস্তুতি নেওয়া হচ্ছে।
আড়াইহাজার থানার ইন্সপেক্টর (তদন্ত ) শওকত হোসেন জানান, তিতাসের লোকজন অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করতে গেলে এলাকার লোকজন হামলা চালায়। একপর্যায়ে ধাওয়া পাল্টা ধাওয়া সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় পুলিশ সদস্যসহ বেশ কয়েকজন আহত হয়েছে। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ৮৭ রাউন্ড রাবার বুলেট ও ১৩ টি কাঁদানে গ্যাস ছোড়া হয়।
আড়াইহাজার উপজেলার নির্বাহী অফিসার (ইউএনও) সোহাগ হোসেন জানান, উপজেলার ঝাউগড়া এলাকায় ১৪ টি স্পটে কয়েক হাজার অবৈধ গ্যাস সংযোগ রয়েছে। কিছুদিন আগে অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করলেও ফের সংযোগ নিয়ে গ্যাস ব্যবহার করছে। রোববার তিতাস অফিস অভিযান চালাতে গেলে এলাকার লোকজন হামলা চালায়। এই রিপোর্ট লেখা পর্যন্ত এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
