বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙার ঘটনায় তীব্র নিন্দা সংসদীয় কমিটির

আপডেট : ০৭ ডিসেম্বর ২০২০, ০১:৩৮ এএম

বঙ্গবন্ধুর ভাস্কর্য বিরোধিতার বিপক্ষে জনমত গড়ে তুলতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটি। একই সঙ্গে কুষ্টিয়ায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ভাঙার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে সংসদীয় কমিটি। এ ঘটনায় ইন্ধনদাতা ও দোষীদের শাস্তির আওতায় আনার সুপারিশ করা হয়।

গতকাল রবিবার সংসদ ভবনে অনুষ্ঠিত সংসদীয় কমিটির বৈঠকে এ বিষয়ে আলোচনা হয়।

বৈঠক শেষে কমিটির সভাপতি শাজাহান খান সাংবাদিকদের বলেন, ‘তারা অসৎ রাজনৈতিক উদ্দেশ্যে ভাস্কর্যকে ইস্যু করে পরিস্থিতি ঘোলাটে করার অপচেষ্টা করছে। মুক্তিযুদ্ধের সময় ইসলামের নামে খুন, নারী ধর্ষণ, ২০১৩ সালে আন্দোলনের নামে কোরআন শরিফ পুড়িয়ে ফেলা ও বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙা ও ভাস্কর্য নির্মাণে বিরোধিতা একই সূত্রে গাঁথা। জনগণকে ঐক্যবদ্ধ করে সব চক্রান্ত প্রতিহত এবং যারা ভাস্কর্যের বিরোধিতা করছে তাদের বিরুদ্ধে জনমত গড়ে তুলবে হবে।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত