ভারতের উত্তর-পশ্চিমাঞ্চলের সিন্ধু সভ্যতার মানুষদের খাদ্য তালিকায় স্তন্যপায়ী প্রাণীর মাংস বেশি থাকতো বলে একটি গবেষণায় জানানো হয়েছে।
আর্কিওলোজিক্যাল সায়েন্সে প্রকাশিত ওই গবেষণায় বলা হয়েছে, এই অঞ্চলের মানুষেরা শূকর, গরু, মহিষ এবং ভেড়া বেশি খেতেন। সবচেয়ে বেশি খেতেন গরু।
লিপিড রেসিডিউস শিরোনামের ওই গবেষণা প্রবন্ধে বলা হয়েছ, ‘সিন্ধু অঞ্চলে প্রচুর গবাদি পশুর হাড় পাওয়া গেছে। এ থেকে বোঝা যায়, এই অঞ্চলের মানুষ অনেক মাংস খেতেন।’
ক্যামব্রিজ ইউনিভার্সিটির গবেষক অক্ষিতা সুর্যনারায়ণ গবেষণাটিতে নেতৃত্ব দিয়েছেন।
সিন্ধু সভ্যতায় মাছও ছিল জনপ্রিয় খাবার। তবে গবেষকেরা বলছেন, এর থেকে তারা মাংস বেশি খেতেন।
প্রাচীন সিন্ধু সভ্যতার পতনের কারণ হিসেবে একদিকে যেমন যাযাবর ইন্দো-আর্যদের ক্রমাগত আক্রমণের কথা বলা হয়, তেমনই গুরুত্ব পেয়েছে সেই সময় ঘটে যাওয়া জলবায়ু পরিবর্তনের ফলে ভূমিকম্পের প্রসঙ্গও। এ ছাড়া সিন্ধু সভ্যতার শুরুর দিনগুলোতেই বর্ষার চরিত্রে একটা বড় রকমের পরিবর্তন দেখা গিয়েছিল। আবার এই সভ্যতা যতই বিলুপ্তির দিকে এগিয়েছে, ওই অঞ্চলের বর্ষার চরিত্রও ক্রমশ বদলে গেছে।
রচেস্টার ইনস্টিটিউট অব টেকনোলজির গবেষকেরা মনে করেন, জলবায়ু পরিবর্তনই যে সিন্ধু সভ্যতার পতনের মূল কারণ, এই ঘটনা তারই ইঙ্গিত বহন করে।
