মানবাধিকার লঙ্ঘনের সঙ্গে আপস নয় : আইনমন্ত্রী

আপডেট : ১১ ডিসেম্বর ২০২০, ০১:০৬ এএম

আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, ‘সরকার মানবাধিকার লঙ্ঘনকে অত্যন্ত ঘৃণিত অপরাধ হিসেবে চিহ্নিত করে। মানবাধিকারের প্রতি সরকারের যে প্রতিশ্রুতি তা সব সময় পালন করার চেষ্টা করবে এবং চলমান করোনা পরিস্থিতিতেও মানবাধিকার লঙ্ঘনের সঙ্গে সরকারের কোনো আপসকামিতা হবে না।’

গতকাল বৃহস্পতিবার ‘আন্তর্জাতিক মানবাধিকার দিবস-২০২০’ উদযাপনের অংশ হিসেবে জাতীয় মানবাধিকার কমিশনের উদ্যোগে আয়োজিত এক ভার্চুয়াল সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। এবার মানবাধিকার দিবসের প্রতিপাদ্য ছিল ‘ঘুরে দাঁড়াবো আবার, সবার জন্য মানবাধিকার’।

গৃহ নির্যাতন ও যৌন নির্যাতনের বিষয়ে আইনমন্ত্রী বলেন, ‘এসব অপরাধ কখনই সহ্য করা হবে না। সরকার জনগণকে সে বার্তা দিয়ে যাচ্ছে। পাশাপাশি বিভিন্ন পদক্ষেপ নিচ্ছে। শুধু আইন করে ও সাজা বাড়িয়ে এসব নির্যাতন বন্ধ হবে না। জনগণকেও সোচ্চার হতে হবে। এ ব্যাপারে মানবাধিকার কমিশনেরও যথেষ্ট ভূমিকা পালন করতে হবে। তাহলে এসব অপরাধ অবশ্যই কমবে।’

তিনি বলেন, ‘করোনা পরিস্থিতিতে সারা বিশ্বে মানবাধিকারের অনেক লঙ্ঘন হচ্ছে। আমাদেরকে এসব অপরাধের জবাব দিতে হবে এবং যাতে সেগুলোর পুনরাবৃত্তি না ঘটে সে ব্যবস্থা করতে হবে। আইনমন্ত্রী আশ্বস্ত করে বলেন, ‘মানবাধিকার লঙ্ঘিত হওয়ার কোনো বার্তা সরকারকে অবহিত করলে সরকার অবশ্যই সে ব্যাপারে পদক্ষেপ গ্রহণ করবে। সরকারের দায়িত্ব যাতে মানবাধিকার লঙ্ঘিত না হয়।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত