ছুটি পেতে অনেকেই নানান বাহানা তৈরি করেন। কেউ বাড়ির লোকের শরীর খারাপ, তো কেউ আবার নিজেরই শারীরিক অসুস্থতার কারণ দেখান। কিন্তু ভারতের মধ্যপ্রদেশের এক ট্রাফিক পুলিশ নিজের শ্যালকের বিয়েতে যাওয়ার জন্য ছুটি চাইতে গিয়ে দেখালেন অদ্ভুত কারণ! যা দেখে ক্ষুব্ধ শীর্ষ কর্মকর্তারা উলটে তাকেই শাস্তি দিলেন।
৭ ডিসেম্বর ছুটির দরখাস্ত করেন দিলীপ কুমার আহিরওয়ার নামে এক ট্রাফিক পুলিশ। জানান, শ্যালকের বিয়েতে যোগ দিতে ১১ ডিসেম্বর থেকে পাঁচদিনের ছুটির প্রয়োজন।
আর দরখাস্তের শেষে লেখেন, এই ছুটি না পেলে স্ত্রী ঝামেলা করবে। সংসারে অশান্তি হবে।
তার কথায়, ‘আমার স্ত্রী আমাকে বলে দিয়েছে, তার ভাইয়ের বিয়েতে আমি না গেলে পরিণতি খুব খারাপ হবে।’
আর এই কারণ দেখানোর জন্য শীর্ষ কর্মকর্তারা ওই ট্রাফিক পুলিশের ওপর বেজায় ক্ষিপ্ত হন। এভাবে ছুটির আবেদনের জন্য শাস্তি হিসেবে তাকে পুলিশ লাইনে বদলি করা হয়।
পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে, দিলীপ কুমার নামে ওই ট্রাফিক পুলিশ একদমই কর্তব্যে পরায়ণ নন। কিছুদিন আগে তিনি ৫৫ দিনের ছুটি নিয়েছিলেন। সেই ছুটি কাটিয়ে গত ২৮ নভেম্বরই কাজে যোগ দেন।
এছাড়া এর আগে তিনি আরও সাতদিনের ছুটি নিয়েছিলেন। এরপর ফের নতুন করে এই ছুটির আবেদন। এভাবে বারবার ছুটি নেওয়া শৃঙ্খলাভঙ্গের সমান। সে কারণেই তাকে ওই শাস্তি দেওয়া হয়েছে।
