প্রেস ক্লাবে মান্না

পদ্মা সেতুর হিসাব জনগণের সামনে উপস্থাপন করুন

আপডেট : ১২ ডিসেম্বর ২০২০, ০২:২৫ এএম

নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না বলেছেন, ‘পদ্মা সেতু নির্মাণ একটি ভালো কাজ। এতে দেশের দক্ষিণাঞ্চলের মানুষের উপকার হবে। কিন্তু এই সেতু নির্মাণ করতে কত টাকা খরচ করা হয়েছে তার হিসাব জনগণের সামনে উপস্থাপন করার জন্য সরকারের প্রতি আহ্বান জানান তিনি। গতকাল শুক্রবার রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে সার্বভৌমত্ব রক্ষা পরিষদের প্রথম প্রতিনিধি সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।

নিজস্ব অর্থায়নে পদ্মা সেতু নির্মাণের বিষয়ে সরকারের পক্ষ থেকে দেওয়া বক্তব্যের প্রতিক্রিয়ায় মান্না বলেন, আপনারা বলছেন, নিজের টাকায় পদ্মা সেতু করছেন। আপনারা চীন থেকে ঋণ নেন নাই? যে ঋণ নিয়েছেন ৪ শতাংশ।

মাহমুদুর রহমান মান্না বলেন, ভারতের আসাম ও অরুণাচল প্রদেশে ৯ কিলোমিটার সেতু নির্মাণ করতে ১ হাজার ১৮০ কোটি টাকা খরচ হয়েছে। কিন্তু ৬ দশমিক ১৫ কিলোমিটার পদ্মা সেতু বানাতে ইতিমধ্যে ৩০ হাজার কোটি টাকা শেষ। আরও কত টাকা লাগবে বলা যাচ্ছে না। যে ৬০-৭০ হাজার কোটি টাকায় পদ্মা সেতু নির্মাণ করেছেন, জনগণের কাছে সেই হিসাব দেবেন? প্রতি বছর দেশ থেকে যে পরিমাণ টাকা পাচার হয় তা দিয়ে প্রতি বছর একটি করে পদ্মা সেতু নির্মাণ করা সম্ভব।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত