রূপগঞ্জে ২৫ সন্ত্রাসীর কাছে জিম্মি ৫শ পরিবার

আপডেট : ১২ ডিসেম্বর ২০২০, ০৭:২৫ পিএম

নারায়ণগঞ্জের রূপগঞ্জে ২৫ সন্ত্রাসীর কাছে ভোলাব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের প্রায় ৫ শত পরিবার জিম্মি হয়ে পড়েছে। গত সপ্তাহে এসব পরিবারগুলোতে ওই সন্ত্রাসীরা হামলা, ভাঙচুর ও লুটপাট চালিয়েছে বলে স্থানীয় বাসিন্দারা জানান।

এসব ঘটনায় রূপগঞ্জ থানায় মামলাও দায়ের করা হয়েছে। মামলা দায়েরের পর থেকে সন্ত্রাসীরা আরও বেপরোয়া হয়ে উঠেছে।

শনিবার বেলা ১১ টার দিকে  সন্ত্রাসীরা দফায় দফায় ওই এলাকায় মোটরসাইকেল ও অস্ত্রের মহড়া দিয়েছে বলে অভিযোগ রয়েছে। এ সময় গোটা এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। বর্তমানে পরিবারগুলো চরম নিরাপত্তাহীনতায় ভুগছে।

ক্ষতিগ্রস্ত এলাকাবাসী জানান, ভোলাব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের ৫শত পরিবার পাশের ৪ ও ৫ নম্বর ওয়ার্ডের সন্ত্রাসী কামরুল, রাসেল, সবুজ, ফাইজুল, গিয়াসউদ্দিন, রনি, শাকিল, আওলাদসহ ২৫ সন্ত্রাসীর কাছে জিম্মি হয়ে পড়েছে। ওই ২৫ সন্ত্রাসীর কথামতো না চললে ২ নম্বর ওয়ার্ডের এলাকাবাসীর ওপর নেমে আসে নির্যাতনের খড়্গ। গত এক সপ্তাহ আগে সন্ত্রাসী বাহিনী ২ নম্বর ওয়ার্ডের আদলারটেক এলাকার জাকির হোসেনের বাড়িসহ গোটা গ্রামজুড়ে তাণ্ডব চালায়।

এ সময় জাকির হোসেন, লাকী বেগম, নূর ইসলাম, তাহেরা, শাহিনসহ ৮ জন আহত হয়। এ ঘটনায় লাকী বেগম বাদী হয়ে রূপগঞ্জ থানায় মামলা দায়ের করেন। মামলা দায়েরের পর থেকে সন্ত্রাসীরা আরও বেপরোয়া হয়ে উঠেছে বলে এলাকাবাসী জানান। মামলা তুলে নিতে লাকী বেগমকে সন্ত্রাসীরা হুমকি দিয়ে চলছে।

এদিকে শনিবার বেলা ১১ টার দিকে সন্ত্রাসীরা ২ নম্বর ওয়ার্ডে মোটরসাইকেল ও অস্ত্রে মহড়া দেয়। মামলা তুলে না নিলে গোটা এলাকার লোকজনকে শায়েস্তা করার হুমকি দিয়ে শাসিয়ে যায়। এ সময় গোটা এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।

রূপগঞ্জ থানার অফিসার ইনচার্জ মাহমুদুল ইসলাম বলেন, সন্ত্রাসীদের ছাড় দেওয়া হবে না। থানায় মামলা হয়েছে। আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত