যশোরের ঝিকরগাছায় এক রাতে ২০ বিঘা জমির ৮০০ আমগাছ কেটে ফেলেছে দুর্বৃত্তরা। ঘটনাটি ঘটেছে উপজেলার খরুষা গ্রামে। এ ব্যাপারে কৃষক মওদুদ আহম্মেদ দিপু বাদী হয়ে ঝিকরগাছা থানায় অভিযোগ দিয়েছেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, দুর্বৃত্তরা গত শুক্রবার রাতে খরুষা মাঠে পরিকল্পিতভাবে ১৬ কৃষকের ২০ বিঘা জমির প্রায় ৮০০ আমগাছ কেটে ফেলে। এ ঘটনায় খরুষা গ্রামের কৃষকদের মধ্যে আতংক বিরাজ করছে। কৃষকরা তাদের আম, পেয়ারা, কুল বাগানের গাছ নিয়ে চিন্তিত হয়ে পড়েছেন। ফলের গাছ কাটার এ ঘটনায় কৃষকরা ভেঙে পড়েছেন। ক্ষতিগ্রস্ত কৃষকরা জানান, গত তিন বছর ধরে আমবাগান পরিচর্যা করছেন। অনেক টাকা বাগানে খরচ করেছেন। এ বছর আম ধরত তাদের বাগানে। অনেক গাছে মুকুল আসতে শুরু করেছে। এমন সময় দুর্বৃত্তরা ক্ষতি করল। এ ক্ষতি পুষিয়ে নেওয়ার ক্ষমতা তাদের নেই।
খরুষা গ্রামের কৃষক মওদুদ আহম্মেদ দিপু জানান, গতকাল শনিবার সকালে মাঠে গিয়ে দেখেন তার তিন বিঘা জমির ১২০টি আমগাছ ধারালো অস্ত্র দিয়ে গোড়া থেকে কেটে ফেলা হয়েছে। সে সময় তিনি মাঠে থেকে জানতে পারেন তার মতো কৃষক আবদুল খালেক, আবদুল মালেক, মুনছুর ধাবক, মুহদুল ইসলাম, আবদুল মান্নান, ফজলুর রহমান, মনিরুল ইসলাম, মিজাক আলী, আতাউর রহমান, তাহাজ্জত আলী, তোফাজ্জেল হোসেন, আলতাফ হোসেন, আতিয়ার রহমান, আবদুল করিম, মশিয়ার রহমান, শাহাজান আলীরসহ মোট ৮০০ আমগাছ একই ভাবে কেটে দিয়েছে দুর্বৃত্তরা। কৃষকদের ধারণা, ২০-২৫ জন দুর্বৃত্ত গভীর রাতে অনেক সময় ধরে এ গাছ কাটার কাজ করেছে। এ ব্যাপারে ঝিকরগাছা থানার ওসি আবদুর রাজ্জাকের মোবাইল ফোনে একাধিকবার কল করলেও তিনি রিসিভ করেননি। তবে ঝিকরগাছা থানাধীন শিওরদহ পুলিশ ফাঁড়ির ইনচার্জ মিজানুর রহমান জানান, গাছ কাটার অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।
