ক্ষমতাসীন দলের নেতারা খাঁচার পাখির মতো প্রতিদিন শেখানো বুলি বলে যাচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। গতকাল শনিবার রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে দলের স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, নজরুল ইসলাম খান, ইকবাল হাসান মাহমুদ টুকুসহ অন্য নেতাদের রোগমুক্তি কামনায় ঢাকা মহানগর দক্ষিণ শ্রমিক দল আয়োজিত মিলাদ ও দোয়া মাহফিলে এসব কথা বলেন তিনি।
গয়েশ্বর বলেন, ‘আজকে বলব শত্রু-মিত্র, ভালো-মন্দ, যে যেখানে আছেন দলের চাইতেও দেশটাকে আগে ভালোবাসেন। আর দেশের জন্য একবার সবাই বলেন, আমরা দেশের জন্য মরব। দেখবেন কেউ মরব না, আমরা সবাই বাঁচব। আমরা নানাভাবে নানা কৌশলে যদি বাঁচতে চাই, তাহলে নানা অপকৌশলে আমরা তিলে তিলে সবাই মরব।’
তিনি আরও বলেন, ‘অনেকেই বলেন বিএনপির অবস্থা খারাপ। বিএনপির অবস্থা কতটুকু খারাপ তার জন্য কোনো মায়াকান্না করার দরকার নাই। দেশটার অবস্থা খারাপ। দেশের মানুষ যতক্ষণ পর্যন্ত এক কদম হাঁটতে পারে, ততক্ষণ পর্যন্ত ডাক্তার দেখায় না। আর যখন ডাক্তার দেখায়, তখন আর চিকিৎসা থাকে না। আমার মনে হয়, দেশটা সেই পর্যায়ে আছে। ক্ষমতাসীন দলের নেতারা খাঁচার পাখির মতো প্রতিদিন শেখানো বুলি বলে যাচ্ছে। ওরা আমাদের চেয়ে অনেক অনেক খারাপ অবস্থায় আছে।’
