বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ডিজিটাল ইউনিভার্সিটি, বাংলাদেশের (বিডিইউ) উপাচার্য অধ্যাপক ড. মুনাজ আহমেদ নূর বলেছেন, চতুর্থ শিল্প বিপ্লবে বাংলাদেশের নেতৃত্ব দেওয়ার সক্ষমতা অর্জনে বিডিইউর শিক্ষার্থীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে হবে। আর সেই লক্ষ্যে তাদের এখন থেকে প্রস্তুতি নিতে হবে। গত শনিবার জাতির পিতার জন্মশতবার্ষিকী ও বিজয় দিবস উপলক্ষে ভার্চুয়াল পদ্ধতিতে বিডিইউ শিক্ষার্থীদের মধ্যে আয়োজিত প্রোগ্রামিং প্রতিযোগিতার ফলাফল ঘোষণাকালে এসব কথা বলেন তিনি।
এ সময় বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) মো. আশরাফ উদ্দিন, সিনিয়র সিস্টেম অ্যানালিস্ট মুহাম্মদ শাহীনূল কবীর, বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক মো. আশরাফুজ্জামান, প্রোগ্রামার অনিত কুমার রায়সহ বিশ্ববিদ্যালয় শিক্ষক, শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।
উপাচার্য আরও বলেন, বর্তমান বিশ্বে টিকে থাকতে হলে আমাদের অবশ্যই প্রযুক্তিকে সঙ্গে নিয়ে টিকে থাকতে হবে। এ বিষয়টি অনুধাবন করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশকে ডিজিটাল বাংলাদেশে রূপান্তর করেছেন। বিজ্ঞপ্তি
