হঠাৎ গুলিস্তান অবরোধে বিএনপি, পুলিশের ধাওয়া, শওকত মাহমুদকে শোকজ

আপডেট : ১৪ ডিসেম্বর ২০২০, ০৭:০৪ পিএম

দলীয় সিদ্ধান্ত ছাড়া নেতাকর্মীদের নিয়ে রাজপথে অবস্থানের কারণে দলের ভাইস চেয়ারম্যান শওকত মাহমুদকে শোকজ করেছে বিএনপি। সোমবার সন্ধ্যায় দেশ রূপান্তরকে বিষয়টি নিশ্চিত করেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ।

তিনি বলেন, ‘সংগঠনে বিভ্রান্তি সৃষ্টি ও সংগঠনবিরোধী কার্যকলাপের জন্য তাকে শোকজ করা হয়েছে।’

এ বিষয়ে প্রতিক্রিয়া জানতে শওকত মাহমুদের মোবাইল ফোনে যোগাযোগ করা হলে তা বন্ধ পাওয়া যায়।

বিএনপির ষষ্ঠ জাতীয় কাউন্সিলে সিনিয়র সাংবাদিক শওকত মাহমুদকে দলের ভাইস চেয়ারম্যান করা হয়। এ ছাড়া তিনি জাতীয় প্রেসক্লাবের সাবেক সভাপতি ও বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের একাংশের সভাপতি ছিলেন।

image

বিএনপি সূত্র জানায়, সোমবার দুপুরে জাতীয় প্রেসক্লাবে এক আলোচনা সভা ছিল। সভা শেষে নেতাকর্মীরা দুপুর ২টার দিকে রাজধানীর গুলিস্তান ও পল্টন এলাকায় হঠাৎ করে অবস্থান নেন। আড়াইটার দিকে নেতাকর্মীদের সঙ্গে দলটির নেতা শওকত মাহমুদ, সাদেক খান, কল্যাণ পার্টির সভাপতি সৈয়দ মুহাম্মদ ইব্রাহিম সেখানে উপস্থিত ছিলেন। পরে ৩টার দিকে পুলিশের ধাওয়ায় নেতাকর্মীরা পালিয়ে যান। image

প্রত্যক্ষদর্শীরা জানান, রাজধানীর গুলিস্তানের জিরো পয়েন্ট এলাকায় রাস্তা অবরোধ করে বিেক্ষাভ করেন বিএনপিসহ তাদের সমর্থক অন্যান্য দলের নেতারা। এ সময় তারা সরকার পদত্যাগের দাবিতে বিভিন্ন স্লোগান দেন। এ বিক্ষোভের কারণে রাস্তার পাশে যানজট তৈরি হয়। বিকেল ৩টার দিকে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা নেতাকর্মীদের ধাওয়া দিলে ছত্রভঙ্গ হয়ে পড়েন তারা। পরে ওই এলাকায় বিএনপি কর্মীদের কাউকে দেখা যায়নি। এসময় সড়কে বিপুলসংখ্যক পুলিশের উপস্থিতি দেখা গেছে। সড়কেও ছিল দীর্ঘ যানজট।

এ বিষয়ে জানতে চাইলে কয়েকজন পুলিশ সদস্য জানান, কিছু মানুষকে বিক্ষোভ করতে দেখা গেছে। তারা বিভিন্ন স্লোগান দিতে থাকে। পরে ধাওয়া করলে তারা এলাকা ছেড়ে চলে যান।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত