ব্রাহ্মণবাড়িয়ায় স্মৃতিসৌধে হামলার শিকার নূর সমর্থকরা

আপডেট : ১৭ ডিসেম্বর ২০২০, ০১:৩৭ এএম

ব্রাহ্মণবাড়িয়ায় স্মৃতিসৌধে ফুল দিতে গিয়ে হামলার শিকার হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের সাবেক সহসভাপতি (ভিপি) নুরুল হক নুরের সমর্থকরা। গতকাল বুধবার সকাল ৯টার দিকে জেলা শহরের ফারুকী পার্কের স্মৃতিসৌধের সামনে হামলার ঘটনা ঘটে। ছাত্র ও যুব অধিকার পরিষদ দাবি করেছে,  জেলা ছাত্রলীগের নেতাকর্মীরা এই হামলায় জড়িত। হামলায় ছাত্র ও যুব অধিকার পরিষদের অন্তত ১০ জন আহত হয়েছেন বলেও দাবি করেছেন তারা। তবে ছাত্রলীগ হামলার এ অভিযোগ অস্বীকার করেছে।

জানা যায়, মহান বিজয় দিবসের সকালে ছাত্র ও যুব অধিকার পরিষদের ব্যানারে নুরের সমর্থকরা স্মৃতিসৌধে ফুল নিয়ে শ্রদ্ধা নিবেদন করতে যায়। সে সময় সেখানে অবস্থানকারী জেলা ছাত্রলীগের বিপুলসংখ্যক নেতাকর্মী স্লোগান দিয়ে অবস্থান করছিল। এ সময় জেলা ছাত্রলীগ সভাপতি রবিউল হোসেন রুবেল তার সমর্থকদের নিয়ে বাধা দেয়। শ্রদ্ধা নিবেদন শেষে স্মৃতিসৌধ এলাকা ত্যাগ করার সময় ছাত্রলীগ নেতাকর্মীরা ‘জামায়াত-শিবির’ আখ্যা দিয়ে ছাত্র ও যুব অধিকার পরিষদের কর্মীদের ওপর হামলা চালায়। ছাত্রলীগের ধাওয়ায় ছাত্র-যুব অধিকারকর্মীরা ছুটাছুটি করতে থাকলে পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।

ব্রাহ্মণবাড়িয়া জেলা ছাত্র অধিকার পরিষদের সাধারণ সম্পাদক মো. জুয়েল মিয়া বলেছেন, ‘ছাত্র ও যুব অধিকার পরিষদের ৩০ থেকে ৪০ কর্মী শ্রদ্ধা নিবেদন করতে গিয়েছিলেন। ছাত্রলীগের নেতাকর্মীরা চার-পাঁচ জনকে মূল বেদিতে প্রবেশ করতে  দেয়। ফেরার সময় তারা অতর্কিত হামলা চালায়। এতে ছাত্র অধিকার পরিষদের  জেলা কমিটির সভাপতি আশরাফুল হাসানসহ ১০ জন আহত হয়েছেন।

এ বিষয়ে জানতে চাইলে জেলা ছাত্রলীগের সভাপতি রবিউল হোসেন রুবেল বলেছেন, ‘ছাত্র ও যুব অধিকার পরিষদের ব্যানারে শিবিরকর্মীরা স্মৃতিসৌধে ফুল দিতে গিয়ে উসকানিমূলক সেøাগান দিতে থাকে। সে সময় সাধারণ শিক্ষার্থীরা তাদের ধাওয়া করে। পরে ছাত্রলীগ নেতাকর্মীরা স্বাধীনতাবিরোধী চক্রের বিরুদ্ধে মিছিল করে।’

ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুর রহিম বলেছেন, ‘স্মৃতিসৌধের ভেতরে কোনো ধাওয়া-পাল্টা ধাওয়ার সংবাদ পাইনি। তবে বাইরে কিছু ঘটেছে কি না সেটি আমাদের জানা নেই।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত