ক্রিসমাস-নববর্ষ সামনে রেখে ইতালিতে ফের নিষেধাজ্ঞা

আপডেট : ১৯ ডিসেম্বর ২০২০, ০১:২৮ পিএম

করোনাভাইরাসের (কভিড-১৯) দ্বিতীয় ঢেউয়ের কারণে ইতালিতে ক্রিসমাস ও ইংরেজি নববর্ষকে সামনে রেখে আবারো নিষেধাজ্ঞা আরোপ করা হচ্ছে।

বিশ্বে করোনাভাইরাসে যে কটি দেশ সবচেয়ে বেশি পর্যুদস্ত হয়েছে ইতালি তার একটি।

শুক্রবার দেশটির প্রধানমন্ত্রী গুইসেপ কন্তে নতুন নিষেধাজ্ঞা আরোপের ঘোষণা দেন।

নতুন নিষেধাজ্ঞার আওতায় দোকান, বার ও রেস্টুরেন্ট বন্ধ থাকবে এবং আঞ্চলিক ভ্রমণও নিষিদ্ধ থাকবে।

তবে খাবারের দোকান, সেলুন, ওষুধের দোকানসহ লন্ড্রির দোকান খোলা থাকবে।

কন্তে বলেন, ক্রিসমাসের এ সময়ে সংক্রমণ বেড়ে যাবে বলে আমাদের বিশেষজ্ঞরা আশঙ্কা করছেন।

তিনি ২৮, ২৯, ৩০ ডিসেম্বর এবং ৪ জানুয়ারি নিষেধাজ্ঞা শিথিল রাখার কথা জানান।

এ দিনগুলোতে দোকানপাট রাত ৯টা পর্যন্ত খোলা রাখা যাবে এবং জনগণ ইচ্ছেমতো ঘুরে বেড়াতে পারবে বলেও উল্লেখ করেন ইতালির প্রধানমন্ত্রী।

ওয়ার্ল্ডো মিটারের শনিবার দুপুরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ইতালিতে আরও ১৭ হাজার ৯৯২ জন করোনা সংক্রমিত হয়েছেন। একই সময়ে মারা গেছেন ৬৭৪ জন।

ইতালিতে এখন পর্যন্ত করোনা আক্রান্ত হয়েছেন ১৯ লাখ ২২ হাজারের মতো। মারা গেছেন প্রায় ৬৭ হাজার ৯০০ জন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত