চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক) নির্বাচনে দলসমর্থিত প্রার্থীর বাইরে যারা প্রার্থী থাকবেন এবং বিদ্রোহী প্রার্থীর পক্ষে কাজ করবেন তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ।
তিনি বলেন, বিদ্রোহী প্রার্থীর পক্ষে গিয়ে যেসব দায়িত্বশীল ব্যক্তি দলের সিদ্ধান্তের বিরুদ্ধে কাজ করেছেন তাদের দলীয় পদ থেকে অব্যাহতি দেওয়া হচ্ছে।
শনিবার নগরীর কাজীর দেউড়ির ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টারে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।
হানিফ বলেন, চট্টগ্রাম সিটি নির্বাচনকে আওয়ামী লীগ বেশি গুরুত্ব দিচ্ছে। আমরা জয়ের ব্যাপারে শতভাগ আশাবাদী। বিদ্রোহী প্রার্থীদের ব্যাপারে দলের অবস্থান অত্যন্ত কঠোর। যারা ইতিপূর্বে বিভিন্ন নির্বাচনে বিদ্রোহী প্রার্থী হিসেবে অংশ নিয়েছিলেন তাদের পরবর্তী সময়ে আর নৌকা প্রতীক দেওয়া হয়নি।
বিএনপিকে ইঙ্গিত করে তিনি বলেন, নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করতেই বিএনপি নির্বাচনে অংশ নেয়। ইভিএম নিয়ে ইতিপূর্বে বহু কথা হয়েছে। তাদের অনেক শীর্ষ নেতারাও বিষয়গুলো নিয়ে কথা বলেছেন। অতীতে ইভিএম দিয়ে সুষ্ঠু ভোটগ্রহণ হয়েছে। সুতরাং ইভিএম নিয়ে আর কোনো বিতর্কের সুযোগ নেই।
এর আগে বঙ্গবন্ধু শিশুকিশোর মেলা, চট্টগ্রাম মহানগরের উদ্যোগে আয়োজিত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে হানিফ বলেন, যারা ভাস্কর্য নিয়ে কথা বলছেন তারা ধর্ম ব্যবসায়ী। কেননা তথাকথিত ধর্ম ব্যবসায়ীরা ধর্মের ভুল ব্যাখ্যা করছেন।
বঙ্গবন্ধু শিশুকিশোর মেলা চট্টগ্রাম মহানগর শাখার সভাপতি সাজ্জাত হোসেনের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন চসিক নির্বাচনে আওয়ামী লীগের মেয়র প্রার্থী রেজাউল করিম চৌধুরী, কেন্দ্রীয় যুবলীগ সদস্য তৌফিকুর রহমান, দক্ষিণ জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক লুবনা হারুন, কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সভাপতি মাঈনুদ্দিন হাসান চৌধুরী প্রমুখ।
