মেক্সিকোকে সাংবাদিকদের জন্য চলতি বছরের সবচেয়ে বিপজ্জনক দেশ বলে অভিহিত করেছে কমিটি টু প্রটেক্ট জার্নালিস্টস (সিপিজে)।
সাংবাদিকদের অধিকার রক্ষার এই সংগঠনটি বলছে, ২০২০ সালে পৃথিবীতে যত সাংবাদিক খুন হয়েছেন তার এক-তৃতীয়াংশ মেক্সিকোয়।
দেশটিতে এ বছর ৯ জন সাংবাদিককে হত্যা করা হয়েছে। গত ২০ বছরে এ নিয়ে ১২০ জন খুন হলেন সেখানে। এর মধ্যে গত মাসে দশ দিনের ব্যবধানে তিনজনকে গুলি করা হয়।
এই বছরের হিসাব বলছে, যুদ্ধক্ষেত্রে সংবাদ সংগ্রহে গিয়ে যত সাংবাদিক মারা যান মেক্সিকোয় তার চেয়ে বেশি মারা যাচ্ছে।
নিউইয়র্ক ভিত্তিক সংগঠনটি নব্বইয়ের দশকের শুরু থেকে বিশ্বব্যাপী নিপীড়িত সাংবাদিকদের তথ্য সংগ্রহ করে আসছে।
সেই সময় থেকে এখন পর্যন্ত এবছরই সবচেয়ে বেশি সাংবাদিক জেলে গেছে বলে জানিয়েছে সিপিজে। প্রতিবেদনে বলা হয়েছে, ২০২০ সালের ১ ডিসেম্বর পর্যন্ত অন্তত ২৭৪ জন সাংবাদিককে দায়িত্ব পালন করতে গিয়ে কারাগারে যেতে হয়েছে; গত বছর যা ছিল ২৫০ জন।
বিক্ষোভ ও রাজনৈতিক উত্তেজনা নিয়ে খবর প্রকাশ করতে গিয়ে অনেক সাংবাদিককে এ বছর গ্রেপ্তার হয়ে কারাগারে যেতে হয়েছে। চীন, তুরস্ক, মিশর ও সৌদি আরবে সবচেয়ে বেশি সাংবাদিকের জেল হয়েছে।
কভিড-১৯ মহামারীর মধ্যে অনেক দেশের সরকার সাংবাদিকদের কারাগারে ঢুকিয়ে মহামারী নিয়ে খবর প্রকাশ নিয়ন্ত্রণের চেষ্টা করেছে। অন্তত দুইজন সাংবাদিক পুলিশি হেফাজতে থাকার সময় এ ভাইরাসে সংক্রমিত হয়ে মারা গেছেন বলে সিপিজে’র প্রতিবেদনে জানানো হয়।
