গেল মৌসুম শেষে বার্সেলোনা ছাড়তে চেয়েও শেষ পর্যন্ত যাননি লিওনেল মেসি। কাতালান ক্লাবটির সঙ্গে তার চুক্তি আছে জুন পর্যন্ত। নতুন করে চুক্তি না করায় মৌসুম শেষে তার দলবদলের সম্ভাবনা নিয়ে প্রতিনিয়তই খবর আসছে। তবে মেসির দাবি, বার্সেলোনায় এখন ভালোই আছেন। ক্লাবের ভবিষ্যৎ নিয়ে রোমাঞ্চিত তিনি।
স্প্যানিশ টিভি লা সেক্সটাকে দেওয়া সাক্ষাৎকারে এমনটাই বলেছেন বলে জানিয়েছেন সাক্ষাৎকার নেওয়া সাংবাদিক। সম্পূর্ণ সাক্ষাৎকারটি ২৭ ডিসেম্বর প্রকাশিত হবে।
সাক্ষাৎকারে মেসির কিছু কথা ওই সাংবাদিক একটি রেডিওতে প্রকাশ করেছেন, ‘গ্রীষ্মে খুব বাজে সময় কাটছিল। যদিও পুরো ব্যাপারটা শুরু হয় অনেক আগেই। গ্রীষ্মে যে পরিস্থিতির মধ্য দিয়ে গিয়েছি, মৌসুমের শেষে, বুরোফ্যাক্স এবং বাকি সবকিছু। এই মৌসুমের শুরুতেও বিষয়টি চলেছে বেশ কয়েক দিন। কিন্তু এখন আমি ভালো আছি।’
মেসি ক্লাব ছাড়তে চাওয়ার পর ঘটে গেছে অনেক কিছুই। কোচ বদল হয়েছে, সেই সময়ের সভাপতি বার্তোমেউ করেছেন পদত্যাগ। মেসি এখন সেসব নিয়ে আর ভাবছেন না। তার কথা শুনলে খুশি হতে পারেন বার্সা সমর্থকরা।
মেসি বলেন, ‘সামনে যা আছে সবকিছুর জন্য সর্বোচ্চ দিয়ে লড়তে চাই। আমি রোমাঞ্চিত, খুবই উত্তেজিত এ নিয়ে। আমি জানি ক্লাব প্রশাসনিকভাবে, দল নিয়ে খুব কঠিন সময়ের মধ্যে দিয়ে যাচ্ছে। তবু আমি আগ্রহী (শিরোপা জেতার ব্যাপারে)।’
