ঢাকা-লন্ডন রুটের ফ্লাইট বন্ধ করতে সরকারের প্রতি আহ্বান বিএনপির

আপডেট : ২৩ ডিসেম্বর ২০২০, ০৯:১৪ পিএম

অবিলম্বে ঢাকা-লন্ডন রুটে দেশি-বিদেশি এয়ারলাইনসের সব ফ্লাইট বন্ধ করার জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

একই সঙ্গে করোনাভাইরাস মহামারি আকার ধারণ করার পরও সরকার কর্তৃক বিমান চালু রাখার সিদ্ধান্তকে সরকারের উদাসীনতা বলে আখ্যায়িত করে গভীর উদ্বেগ প্রকাশ করেন তিনি।

বুধবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে মির্জা ফখরুল এ দাবি জানান।

বিবৃতিতে মির্জা ফখরুল বলেন, ‘অবিলম্বে ঢাকা-লন্ডন রুটে দেশি-বিদেশি বাংলাদেশসহ বিশ্বব্যাপী করোনাভাইরাসের গতি মারাত্মক রূপ ধারণ করেছে। প্রতিদিন আক্রান্ত ও মৃতের সংখ্যা জ্যামিতিক হারে বৃদ্ধি পাচ্ছে। যুক্তরাজ্যে করোনা বহুগুণ শক্তিশালী হয়ে আঘাত হানছে, সেখানকার পরিস্থিতি গভীর উদ্বেগজনক। এই কারণে লন্ডনের সঙ্গে অন্যান্য দেশ বিমান চলাচল বন্ধ করে দিয়েছে। কিন্তু ঢাকা-লন্ডন দেশি-বিদেশি এয়ারলাইনসের বিমান চালু রয়েছে। এটি বর্তমান গণবিরোধী সরকারের ধারাবাহিক অমানবিক ও বিবেকবর্জিত কর্মকাণ্ডের অংশ।’

তিনি বলেন, ‘বাংলাদেশ সরকার করোনা আক্রমণের শুরু থেকেই সম্পূর্ণরূপে ভ্রুক্ষেপহীন থেকেছে। যথাসময়ে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করেনি বলেই এ দেশের অসংখ্য মানুষ মৃত্যুবরণ করছে। বিপুলসংখ্যক মানুষ করোনায় আক্রান্ত হয়ে জীবন মৃত্যুর সন্ধিক্ষণে সংগ্রাম করছে।’

মির্জা ফখরুল বলেন, ‘বাংলাদেশে করোনা আঘাত হানার শুরু থেকেই তা মোকাবিলায় সরকার কোনো উদ্যোগ গ্রহণ করেনি। আইসিইউ বেড, অক্সিজেন এবং ভেন্টিলেটরসহ করোনা সংশ্লিষ্ট অন্যান্য মেডিকেল সরঞ্জামাদির অভাবে আক্রান্ত মানুষ ভয়ানক কষ্ট পাচ্ছে, বিনা চিকিৎসায় মৃত্যুকে আলিঙ্গন করতে হচ্ছে। দীর্ঘ দশ মাসেও সরকার করোনা মোকাবেলায় সম্পূর্ণ ব্যর্থ হয়েছে। দেশের মানুষের জীবনের কোনো মূল্য নেই এই সরকারের কাছে।’

তিনি বলেন, যুক্তরাজ্যে কোভিড-১৯ এখন মারাত্মক রূপ নিয়ে আবির্ভূত হওয়ার ফলে দেশটির সঙ্গে বিশ্বের বিভিন্ন দেশ বিমানের ফ্লাইট বাতিল ঘোষণা করেছে। কিন্তু বাংলাদেশ সরকার বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ঢাকা-লন্ডন ফ্লাইটসহ বিদেশি এয়ারলাইনের বিমান যেগুলো লন্ডন থেকে ঢাকায় আসে সেগুলোও বন্ধ করেনি। সুতরাং দেশের মানুষের এক ভয়ংকর স্বাস্থ্য ঝুঁকিতে পড়ার সম্ভাবনা রয়েছে-যা অত্যন্ত উদ্বেগজনক।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত