যে কষ্টে কোয়ারেন্টিনে পার করেছি এটা বলা যাবে না: অর্থমন্ত্রী

আপডেট : ২৩ ডিসেম্বর ২০২০, ০৯:৩৫ পিএম

অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বলেছেন, 'যে কষ্টে কোয়ারেন্টিনে পার করেছি এটা বলা যাবে না, এত কষ্ট! আপনারা আমার জন্য দোয়া করবেন।'

চিকিৎসার জন্য সিঙ্গাপুরে গিয়ে ১৪ দিন কোয়ারেন্টিনে কাটাতে হয়েছে বলে জানান তিনি। 

সিঙ্গাপুর থেকে বুধবার ভার্চুয়াল মাধ্যমে সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে অংশ নেন অর্থমন্ত্রী। পরে সাংবাদিকদের সঙ্গেও কথা বলেন তিনি।

শারীরিক অবস্থা সম্পর্কে জানতে চাইলে মুস্তফা কামাল বলেন, 'আমি এখন সিঙ্গাপুরে আছি। সিঙ্গাপুরে আছি আমি ১৭ দিনের বেশি হয়েছে। ১৪ দিন কোয়ারেন্টিনে ছিলাম ডাক্তার দেখাতে পারিনি। ইনফ্যাক্ট গত কয়েক দিন ধরে ডাক্তার দেখাচ্ছি।'

চিকিৎসার জন্য গত ২৯ নভেম্বর সিঙ্গাপুরে যান অর্থমন্ত্রী।

কবে নাগাদ দেশে আসছেন জানতে চাইলে তিনি বলেন, 'আমার যে উদ্দেশ্যে আসা তা হলেই আসব। আগে ডাক্তারগুলো দেখাই বার বার তো আসা যাবে না, এখন তো নানা বিধি-নিষেধ।'

মহামারীর কারণে লক্ষ্যমাত্রা অনুযায়ী রাজস্ব আদায় করা সম্ভব হবে কি না বা জানতে চাইলে তিনি বলেন, 'আমাদের পরিকল্পনা হলো আমরা বাজেট দিয়েছি। এখন ২০২০ সাল কদিন পরেই শেষ হবে। সে অনুযায়ী আমরা পর্যালোচনা করছি, আমাদের পর্যালোচনা অনুযায়ী আমাদের যেখানে যেখানে রিকাস্ট করা দরকার সেখানে সেখানে রিকাস্ট করব। আমরা এখনও আশাহত না।'

মুস্তফা কামাল বলেন, 'সারা বিশ্বে কোথাও প্রবৃদ্ধি পাবেন না। আমরা এখনও সকল সূচকে প্রবৃদ্ধি লক্ষ করছি। সুতরাং এটা আল্লাহর অশেষ রহমত এদেশের মানুষের প্রতি।'

বাংলাদেশের অর্থনীতি ভালো অবস্থানে রয়েছে দাবি করে অর্থমন্ত্রী বলেন, 'আমরা ভালো অবস্থানে আছি, তাই ঘাবড়ানো বা নাভার্স হওয়ার কিছু নেই। আমরা ঠিক জায়গায় আছি। আমাদের অর্থনীতি ঠিক জায়গায় আছে, ভালো অবস্থানে আছে। অনেক অনেক বেশি ভালো অবস্থানে আছি। যেটা আপনারা কেউ চিন্তা করতে পারেননি তার থেকেও ভালো অবস্থানে আছে আমাদের অর্থনীতি। আমরা বিশ্বাস করি, এ ধারা অব্যাহত থাকবে।'

×
সর্বশেষ সর্বাধিক পঠিত