‘প্রয়োজনে যুক্তরাজ্যের সঙ্গে বিমান যোগাযোগ বন্ধ করা হবে’

আপডেট : ২৪ ডিসেম্বর ২০২০, ০৩:০১ পিএম

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মো. মাহবুব আলী বললেন, প্রয়োজনে যুক্তরাজ্যের সঙ্গে বিমান যোগাযোগ বন্ধ করা হবে।

রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বৃহস্পতিবার দুপুরে আয়োজিত সিকিউরিটি এক্সারসাইজ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

মো. মাহবুব আলী বলেন, “যুক্তরাজ্যের করোনা পরিস্থিতি পর্যবক্ষেণ করা হচ্ছে। এ বিষয়ে সবাই আমরা যথেষ্ট সচেতন। বিষয়টি সম্পর্কে আমরা সজাগ আছি। প্রয়োজনে যুক্তরাজ্যের সঙ্গে বিমান যোগাযোগ বন্ধ করা হবে।”

অনুষ্ঠানে বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (সিএএবি), হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ও পর্যটন মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এর আগে বুধবার স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেন, “যুক্তরাজ্য থেকে কেউ আসলে তাকে সাত দিন কোয়ারেন্টাইনে থাকতে হবে। বিমানবন্দরে তাদের জন্য আলাদা লাইন হবে। আর অন্য দেশ থেকে এলে কোয়ারেন্টাইন হবে তিন দিনের।”

সম্প্রতি যুক্তরাজ্যে করোনাভাইরাসের নতুন যে একটি স্ট্রেইন পাওয়া গেছে, সেটি আগের স্ট্রেইনটির তুলনায় ৭০ শতাংশ বেশি গতিতে ছড়ায় বলে জানানো হয়েছে। এর পর থেকে বিশ্বজুড়ে নতুন আতঙ্ক শুরু হয়েছে। যুক্তরাজ্যের সঙ্গে যোগাযোগ বন্ধ করেছে অনেক দেশ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত