ডিবি পরিচয়ে স্বর্ণ ব্যবসায়ীকে তুলে নিয়ে ২৪ লাখ টাকা ছিনতাই

আপডেট : ২৪ ডিসেম্বর ২০২০, ০৯:০৬ পিএম

আশুলিয়ায় ডিবি পরিচয়ে এক স্বর্ণ ব্যবসায়ীকে তুলে নিয়ে ২৪ লাখ টাকা ছিনতাইয়ের অভিযোগ পাওয়া গেছে। পরে ওই স্বর্ণ ব্যবসায়ীকে মারধর করে টাঙ্গাইলের মির্জাপুর এলাকায় সড়কের পাশে ফেলে রেখে যায় ছিনতাইকারীরা। এ সময় এক ছিনতাইকারীকে হাতেনাতে আটক করে পুলিশে সোপর্দ করেছে স্থানীয়রা।

বৃহস্পতিবার দুপুরে আশুলিয়ায় বাড়ইপাড়া বাজার এলাকায় এ ছিনতাইয়ের ঘটনা ঘটে।

আটক ছিনতাইকারীর নাম রিপন হাওলাদার (৪৫), প্রাথমিকভাবে তার বিস্তারিত পরিচয় পাওয়া যায়নি। ভুক্তভোগী ব্যবসায়ীর নাম পরীক্ষিত বালা (৩০)।

ভুক্তভোগী ব্যবসায়ীর শ্বশুর ও থানা পুলিশ জানায়, ছিনতাইয়ের শিকার হওয়া ব্যবসায়ী তার দোকানের জন্য মালামাল কেনার জন্য ঢাকার তাঁতীবাজার যাচ্ছিলেন। এ সময় একটি মাইক্রোবাসে তার গতিরোধ করে ডিবি পরিচয় দিয়ে দুই-তিনজন লোক তাকে গাড়িতে উঠতে বলে। কিন্তু তাদের কথায় গাড়িতে না ওঠায় তাদের মধ্যে ধস্তাধিস্ত হয়।

এ সময় স্থানীয়রা রিপন নামে একজনকে আটক করে গণধোলাই দিলে বাকিরা স্বর্ণ ব্যবসায়ী পরীক্ষিত বালাকে তুলে নিয়ে যায়। পরে তার কাছে থাকা ২৪ লাখ টাকা ছিনিয়ে নিয়ে টাঙ্গাইলের মির্জাপুর সড়কে ফেলে যায়। খবর পেয়ে পুলিশ ছিনতাইকারী রিপনকে আটক করে আশুলিয়ার গণস্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করায়।

আশুলিয়া থানার উপপরিদর্শক ফজর আলী বলেন, ভুক্তভোগী পরীক্ষিতের দাবি তার ২৪ লাখ টাকা ছিনতাইকারীরা নিয়ে যায়। তবে ছিনতাই হওয়া সেই টাকা এখনো উদ্ধার করা সম্ভব হয়নি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত