কিশোরগঞ্জের ইটনায় পূর্বশত্রুতার জের ও অটোরিকশায় যাত্রী ওঠানো নিয়ে দুই পক্ষের সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ৪০ জন। গতকাল শনিবার সকালে উপজেলার মৃগা ইউনিয়নের শান্তিপুর ও প্রজারকান্দা গ্রামবাসীর মধ্যে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন প্রজারকান্দা গ্রামের মো. নুরুল ইসলামের ছেলে মো. বাদল মিয়া (৪০) এবং শান্তিপুর গ্রামের প্রয়াত লাল মিয়ার ছেলে মিরাজ মিয়া (৭০)।
পুলিশ ও স্থানীয়রা জানান, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে শান্তিপুর ও প্রজারকান্দা গ্রামবাসীর মধ্যে দীর্ঘদিন ধরেই বিরোধ চলে আসছিল। এর জের ধরে গত শুক্রবার অটোরিকশায় যাত্রী ওঠানো নিয়ে দুই গ্রামের কয়েকজনের সঙ্গে বিবাদ হয়। এ নিয়ে ওই দিন রাতে স্থানীয় আমিরগঞ্জ বাজারে দুই পক্ষের মধ্যে সালিশও হয়। সেখানে প্রজারকান্দার আতাউরকে মারধর করে শান্তিপুরের লোকজন। এর জেরে গতকাল সকাল সাড়ে ৮টার দিকে দেশীয় অস্ত্র নিয়ে বাজারের কাছে আন্ধাইর এলাকায় সংঘর্ষে জড়িয়ে পড়ে দুই গ্রামের কয়েক হাজার লোক। এ সময় দেশীয় অস্ত্রের আঘাতে উভয় গ্রামের দুজনের ঘটনাস্থলেই মৃত্যু হয়। আহত হন অন্তত ৪০ জন। তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও বিভিন্ন ক্লিনিকে ভর্তি করা হয়েছে। ইটনা থানার ওসি মোর্শেদ জামান জানান, সংঘর্ষের খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ। লাশ উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।
