দেশের তিন জেলায় সড়ক দুর্ঘটনায় এক কলেজছাত্রসহ তিনজন নিহত হয়েছেন। গত শুক্রবার রাত থেকে গতকাল শনিবার বিকেল পর্যন্ত এসব দুর্ঘটনা ঘটে। এর মধ্যে গোপালগঞ্জের কোটালীপাড়ায় ইজিবাইক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে এক কলেজছাত্র নিহত হয়েছে। এ ছাড়া নেত্রকোনার পূর্বধলায় ট্রাকের ধাক্কায় এক তরুণ ও লালমনিরহাটের আদিতমারীতে ট্রলির ধাক্কায় মোটরসাইকেল চালক এক বৃদ্ধ নিহত হয়েছেন। বিস্তারিত আমাদের প্রতিনিধি ও সংবাদদাতাদের পাঠানো খবরে :
নেত্রকোনা : পূর্বধলায় ট্রাকের ধাক্কায় বিল্লাল হোসেন (১৮) নামে এক তরুণ নিহত হয়েছে। গতকাল ভোরে শ্যামগঞ্জ-বিরিশিরি আঞ্চলিক মহাসড়কের জাওয়ানী নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, গতকাল ভোর ৪টার দিকে শ্যামগঞ্জ-বিরিশিরি আঞ্চলিক মহাসড়কে জাওয়ানী নামক স্থানে একটি বালুবাহী ট্রাক দাঁড়ানো অবস্থায় ছিল। এ সময় দুর্গাপুরগামী বালুবাহী অন্য আরেকটি ট্রাক দাঁড়ানো ট্রাকটির পেছনে সজোরে ধাক্কা দেয়। এতে সড়কে ছিটকে পড়ে চলন্ত ট্রাকের হেলপার বিল্লাল ঘটনাস্থলেই মারা যান। পূর্বধলা থানার ওসি মোহাম্মদ তাওহীদুর রহমান জানান, আইনি প্রক্রিয়া শেষে নিহতের লাশ তার স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।
লালমনিরহাট : আদিতমারীতে ট্রলির ধাক্কায় আবু বক্কর (৬০) নামে মোটরসাইকেল চালক এক বৃদ্ধ নিহত হয়েছেন। শুক্রবার রাতে লালমনিরহাট-বুড়িমারী মহাসড়কের সেনপাড়া নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, শুক্রবার রাতে কাজ শেষে লালমনিরহাট-বুড়িমারী মহাসড়ক হয়ে মোটরসাইকেলে করে বাড়ি ফিরছিলেন আবু বক্কর। পথে সেনপাড়া এলাকায় একটি ট্রলিকে অতিক্রম করার সময় ধাক্কা লেগে গুরুতর আহত হন তিনি। তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে স্থানীয়রা। পরে গতকাল দুপুরে সেখানেই চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় তার। আদিতমারী থানার ওসি সাইফুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
গোপালগঞ্জ : কোটালীপাড়ায় ইজিবাইক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নয়ন কর্মকার (১৯) নামে এক কলেজছাত্র নিহত হয়েছে। গতকাল বিকেলে রামশীল-নাগরা সড়কের বান্ধাবাড়ী নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, গতকাল বিকেল ৫টার দিকে মোটরসাইকেলে করে রামশীল থেকে উপজেলা সদরে আসছিল নয়ন। পথে বান্ধাবাড়ী নামক স্থানে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ইজিবাইকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয় তার। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন। কোটালীপাড়া থানার ওসি (তদন্ত) মো. জাকারিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
