কঙ্গনাকে বুঝে উঠতে পারেননি গুরু অনুরাগ

আপডেট : ২৮ ডিসেম্বর ২০২০, ০১:০৩ পিএম

বিতর্কের রানি কঙ্গনা রনৌতের পাবলিক ইমেজ আজ পর্যন্ত ঠাহর করে উঠতে পারেননি পরিচালক অনুরাগ বসু। তার হাত ধরেই আজ থেকে ১৬ বছর আগে রুপালি সফর শুরু করেছিলেন অভিনেত্রী। প্রথম ছবি ‘গ্যাংস্টার’-এর পরিচালক অনুরাগ। কঙ্গনার পাশাপাশি দেখা মিলেছিল শাইনি আহুজা এবং ইমরান হাশমির। এই ছবির জন্য একাধিক মঞ্চে সেরা নবাগতা অভিনেত্রীর পুরস্কার উঠেছিল কঙ্গনার হাতে।

গণমাধ্যমকে অনুরাগ জানান, কঙ্গনার সঙ্গে সচরাচর দেখা হয় না তার। তবে যখনই দেখা হয় পুরোনো কঙ্গনাকেই খুঁজে পান তিনি। কিন্তু যে ‘পাবলিক পারসোনা’ অভিনেত্রী তৈরি করেছেন সেটা বুঝে উঠতে পারেননি অনুরাগ বসু।

“প্রায় ২০-২৫ জন মেয়ে ওই চরিত্রের (গ্যাংস্টারের লিড চরিত্র) জন্য অডিশন দিয়েছিল, ওর মুখটা কেমন আমার মাথায় গেঁথে গিয়েছিল— ওর মধ্যে কিছু একটা অভিনবত্ব ছিল”, সম্প্রতি মিড ডে’কে জানিয়েছেন অনুরাগ। পাশাপাশি বাঙালি পরিচালক যোগ করেন, “শুরু দিকে ওর সবকিছুর জন্য গাইডেন্স দরকার পড়ত। তবে খুব দ্রুত সবকিছু শিখে নেয় কঙ্গনা। আমি গ্যাংস্টারের শুটিংয়ের সময়ই ওর ভেতরের সেই ক্ষমতা আর উন্নতি দেখেছি।”

“কঙ্গনার মধ্যে একটা অনন্যতা ও স্বকীয়তা আছে, যেটা খুব নজরকাড়া, খুব নতুন”,অকপটে জানান পরিচালক। পালটা অনুরাগ বসুর কাছে জানতে চাওয়া হয় ভবিষ্যতে কঙ্গনার কেমন ব্যক্তিত্বের অধিকারী হবেন, সেই নিয়ে কী কিছু আন্দাজ করেছিলেন অনুরাগ? জবাবে পরিচালক বলেন, “একদমই নয়। আমাদের সাধারণত দেখা হয় না। আর যখন হয়, তখন পুরোনো কঙ্গনাকেই দেখি। পাবলিকের সামনে ওর যে ইমেজ রয়েছে সেই কঙ্গনাকে আমি খুঁজে পাই না। আমার তো মনে হয় দুটো কঙ্গনা আছে। একজনকে আমি একেবারেই বুঝি না, চিনিও না।”

সাম্প্রতিককালে হৃতিক রোশন, করণ জোহর, জাভেদ আখতারের মতো বলিউড তারকাদের সঙ্গে প্রকাশ্য সংঘাতে জড়িয়েছেন কঙ্গনা। সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পর নেপোটিজম এবং বলিউডের মাদকাসক্তি নিয়ে একের পর এক বিস্ফোরক দাবি করেছেন। সেই নিয়েও কমচর্চা ও বিতর্ক হয়নি।

২০১৮ সালে ফের একবার গুরু অনুরাগের সঙ্গে জুটি বেঁধে ‘ইমালি’ নামের এক ছবিতে অভিনয় করবার কথা ছিল কঙ্গনার। তবে পরিচালনার কাজে ফোকাস করবার জন্য শেষ মুহূর্তে এই প্রোজেক্ট থেকে সরে দাঁড়ান নায়িকা। এরপর এই ছবি স্থগিত করে দেন অনুরাগ। আপাতত কঙ্গনার হাতে রয়েছে ‘থালাইভি’ ও ‘তেজাস’। শিগগিরই নিজের প্রযোজনা সংস্থা মনিকর্ণিকা ফিল্মসের আওতায় ‘অপরাজিতা অযোধ্যা’  নামের ছবি তৈরি করবেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত